
তারকাদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কার জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তাঁদের ব্যক্তিগত জীবনে অনেকের নজর থাকে। তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে নানা প্রশ্ন থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের। শিরোনামে পরমব্রত চট্টোপাধ্যায়। কাজের বাইরে, ব্যক্তিগত জীবনের জন্য বারবার চর্চায় এসেছেন পরম। অভিনেতা- পরিচালকের জীবনের বহু প্রেমের কথাই প্রকাশ্যে এসেছে। নাম জড়িয়েছে টলি নায়িকাদের সঙ্গে।
স্বস্তিকা -পরমব্রতর প্রেম
টলিপাড়ায় চর্চিত জুটি ছিলেন পরমব্রত ও স্বস্তিকা মুখোপাধ্যায়। একসঙ্গে 'হ্যাং আউট' থেকে শুরু করে 'পার্টি', সবই তাঁরা করতেন একসঙ্গে। এরপর কিছু ব্যক্তিগত সমস্যার জন্য তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলে খবর। মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। শোনা যায় বিচ্ছেদের পরে স্বস্তিকা ও পরমব্রতর সম্পর্কও তেমন ভাল ছিল না। তবে 'শাহজাহান রিজেন্সি' এবং 'শিবপুর' ছবিটিতে একসঙ্গেই কাজ করেন তাঁরা এবং বর্তমানে দু'জনের সমীকরণ অনেকটাই স্বাভাবিক।
কিছুদিন আগে পরমব্রতর সঙ্গে প্রেম প্রসঙ্গে স্বস্তিকা সংবাদমাধ্যমকে বলেন, "পরমের কথা ভাবলে, ওঁর সঙ্গে কাটানো ভাল সময়টাই মনে পড়ে। সেজন্যে হয়তো সেদিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে, ভাল থাকিস। ও বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে আমি অনেক বছর ধরে চিনি। আমার খুব ভাল লাগে ওকে। পরমকে বললাম, ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব। কারণ, পিয়ার স্বামী কে, সেটা আমার কাছে জরুরি নয়। আমি আসলে তেমন মানুষই নই যে, কাউকে জড়িয়ে ধরে ভাল থাকিস বলতে পারব না।"
এমনকি, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর নিউ ইয়ার পার্টির সবচেয়ে বড় আকর্ষণ ছিল একসঙ্গে তিন প্রাক্তনের দারুণ বন্ডিং। স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায় পার্টির শুরুতেই রেড কার্পেটে পোজ দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পরমব্রতর জ্যাকেট ঠিক করে দিচ্ছেন স্বস্তিকা। এদিন, 'জামাল কুদু'-র তালে নাচেন সৃজিত-স্বস্তিকা-পরম।
ইকা-পরমব্রতর প্রেম
ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে তো বটেই, পরমের নাম জড়িয়েছিল এক বিদেশিনীর সঙ্গেও। পেশায় চিকিৎসক পরমব্রতর সেই প্রেমিকার নাম ছিল ইকা স্কোউট। অভিনেতার সঙ্গে বিদেশিনীর সম্পর্কের কথা সকলেই জানতেন। কিন্তু দীর্ঘদিন সেই সম্পর্কে থাকার পরও তা টেকেনি। এক পডকাস্টে পরমব্রত, ইকার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে প্রকাশ্যে কথা বলেন। অভিনেতার সঙ্গে ১১ বছর সম্পর্কে ছিলেন ইকা। বিদেশেই পরম ও ইকার প্রেম শুরু। দীর্ঘদিন তাঁরা বিদেশে সহবাস করে কলকাতায় আসেন। এরপর কোভিডের সময় থেকে আলাদা হয়ে যান দু'জনে। পডকাস্টে পরম জানান, "আমরা একসঙ্গে ছিলাম প্রায় ১১ বছর। ব্যাপারটা অনেকটা বৈবাহিক সম্পর্কের মতোই ছিল। শুধু খাতায় কলমে বিয়েটা করিনি বলা যেতে পারে। আমরা যখন সম্পর্ক শুরু করি, জানতাম এটা লং ডিসট্যান্স সম্পর্ক হতে চলেছে। প্রথম ৪-৫টা বছর এটা বুঝতেই কেটে গিয়েছিল আমরা একে-অপরের জন্য কমপ্যাটিবল কিনা। সেটা যখন বুঝতে পারলাম, ইকা কলকাতায় আসে।"
পরমব্রত আরও বলেন যে, তাঁদের দূরত্বের পিছনে রয়েছে তাঁদের পেশাদার জীবন। কেরিয়ার ছেড়ে বিদেশে গিয়ে পরমব্রতর থাকা সম্ভব ছিল না। অন্যদিকে, ইকারও পেশা জগৎ ছিল বিদেশেই। তাঁরও এই দেশে এসে কাজ করা সম্ভব ছিল না। পরম আরও জানান যে তাঁরা চেষ্টা কম করেননি। কিন্তু তাঁদের দু'জনেরই ভাগ্য সহায় হয়নি। অভিনেতা বলেন, লকডাউনের ঠিক আগেই নিজের দেশে কাজের জন্য গিয়েছিলেন ইকা। ঠিক ছিল ফিরে আসবেন। এরপরেই করোনার লকডাউনের ফলে, দীর্ঘদিন তাঁরা আলাদা থেকেন। কোভিড শেষ হলে ইকা ফিরে এলেও, দূরত্ব যে বেড়েছে তা বুঝতে পেরেছিলেন দু'জনেই। পরম ও ইকা দু'জনেই উপলব্ধি করেন যে এভাবে সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয়। বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।
পিয়া- পরমব্রতর প্রেম, বিয়ে
২০২৩ সালের ২৭ নভেম্বর সকাল থেকে হইচই নেটমাধ্যম ও ইন্ডাস্ট্রির অন্দরে। হঠাৎ জানা যায়, বিয়ে করছেন টলিপাড়ার 'মোস্ট এলিজেবল ব্যাচেলর' পরমব্রত। পাত্রী, মানসিক স্বাস্থ্যকর্মী, তথা সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া। দিনভর আলোচনার পর সন্ধ্যাবেলা সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এরপরই দু'ভাগে বিভক্ত হয়ে যায় নেটমাধ্যম। একদল সমর্থন করেন পরম-পিয়াকে। অন্য দল মিম, ট্রোলিংয়ে ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া। এমনকী পরমকে 'বন্ধুর বৌ চোর' তকমা দিতেও ছাড়েননি ট্রোলাররা। তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। দাম্পত্য দারুণ উপভোগ করছেন পরম- পিয়া।
গত বছর, জুন মাসে মা-বাবা হয়েছেন পিয়া- পরমব্রত। পুত্র সন্তান এসেছে তারকা দম্পতির পরিবারে। ছেলে নডির নানা মুহূর্ত মাঝে মধ্যেই সামনে আনেন তারকা জুটি। পরমের সঙ্গে বিয়ের আগে, কিছু বছর প্রেমের পরে ২০১৫ সালে সঙ্গীতশিল্পী অনুপম রায়কে বিয়ে করেছিলেন পিয়া। কিন্তু বিয়ের ৬ বছর পরে ২০২১ সালে যৌথ বিবৃতি নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা জুটি। সে সময় কারণ হিসেবে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছে পরম-পিয়া। যদিও এরপর থেকে নিজেদের 'শুধু ভাল বন্ধু' হিসেবে পরিচয় দিয়েছিলেন দু'জনেই। কিন্তু শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়।
এখন কেন চর্চায় পরম?
গত কয়েকদিন ধরে শিরোনামে পরমব্রত চট্টোপাধ্যায়। টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত বিশেষ বৈঠকে অভিনেতা- পরিচালকের করা মন্তব্যের পর থেকেই চরম কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সেই সঙ্গে 'গোঁদের উপর বিষফোঁড়া'-র মতো, তাঁর করা ২০২১ সালের একটি পোস্ট এবং যার জেরে থানায় অভিযোগ দায়ের। সব মিলিয়ে বিপাকে তিনি। সোশ্যাল মিডিয়ায় 'পাল্টিবাজ', 'সুবিধাভোগী' থেকে শুরু করে আরও নানা রকম তকমা দেওয়া হয়েছে পরমব্রতকে। এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজের সাফাইও দেন অভিনেতা। রুদ্রনীলের পাশে বসে করা পরমব্রতর বক্তব্য ভাইরাল হয়। এরপরই হঠাৎ ভাইরাল হয় তাঁর রুদ্রনীলের বিরুদ্ধে বলা একটি ভিডিও।
পরমব্রতর বিরুদ্ধে এফআইআর (FIR)
গত বৃহস্পতিবার পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ সেন নামে এক আইনজীবী। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সোশ্যাল মিডিয়ায় ওই দু'জন যে মন্তব্য করেছিলেন, তা আসলে নির্বাচন পরবর্তী সন্ত্রাসে মদত দেওয়া ছা়ড়া আর কিছু নয়। অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালের ২ মে বিকেল প্রায় ৪টে নাগাদ পরমব্রত সোশ্যাল মিডিয়ায় লেখেন,'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।' এর কিছুক্ষণ পর স্বস্তিকা সেই পোস্টের উত্তরে লেখেন, 'হা হা হা হোক হোকস'। অভিযোগকারীর দাবি, নির্বাচনের ফল ঘোষণার মতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য প্রভাবশালী ব্যক্তিত্বদের তরফে হিংসা উস্কে দেওয়ার সামিল।