
বিধানসভা নির্বাচন (Bidhansabha Nirvachan) একেবারে দোরগোড়ায়। নির্বাচনী নির্ঘণ্ট (Election Dates) সামনে এসেছে। চারিদিক ভোট- ভোট আবহ। গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী, পশ্চিমবাংলায় নির্বাচনের আগে একের পর এক তারকা যোগ দেন সক্রিয় রাজনীতিতে। মূলত, গেরুয়া ও জোড়া ফুল শিবিরে যেন এক প্রকার দড়ি টানাটানি চলে টলিপাড়ার তারকাদের নিয়ে। কার দলে কত বেশি গ্ল্যামার, তা হয়ে ওঠে রাজ্য নির্বাচনের (West Bengal Election) মূলমন্ত্র।
টলিপাড়ায় চর্চা, আসন্ন ভোটের আগে নাকি প্রার্থী হবেন একাধিক তারকা। আবার কেউ আলোচনা করছেন, ভোটে না দাঁড়ালেও, সক্রিয় রাজনীতিতে নাম লেখাবেন অনেকেই। কিংবা স্টার ক্যাম্পেইনার হিসাবেও দেখা যেতে পারে অনেককে। নাম উঠে আসছে অনেকের। তবে এরই মধ্যে, এক তারকা পুত্রের নামে হঠাৎ শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন উঠছে, এবার কি ভোটের ময়দানে নামছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ছেলে মিশুক (Mishuk) অর্থাৎ তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)?
কেন জল্পনা?
সোমবার, হঠাৎ নিজের সোশ্যাল পেজে একটি ছবি শেয়ার করেন তৃষাণজিৎ। মাঝে রয়েছেন তিনি, একদিকে প্রসেনজিৎ ও এক পাশে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। প্রসেনজিতের হাতে রয়েছে ফুলের তোড়া। প্রসেনজিৎ পদ্মশ্রী সম্মান পাওয়ার পরে, তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন অনেকেই। ছবিটি, সেসময়ের। এই অবধি তো ঠিক ছিল, তবে প্রশ্ন উঠতে শুরু করেছে ছবির ক্যাপশনের জন্য। পোস্টে লেখা, 'জয় শ্রীরাম...।' পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়েছে।
কী বললেন প্রসেনজিৎ?
প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বিজেপি-তে নাম লেখাচ্ছেন তারকা পুত্র? প্রার্থী হচ্ছেন তৃষাণজিৎ? বাংলা ডট আজতক ডট ইন-এর তরফে যোগাযোগ করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে কাজের জন্য মুম্বইতে রয়েছেন অভিনেতা। সোমবার রাতে শহরে ফিরবেন। তিনি জানালেন, "এগুলো ফেক। এটা ফেক প্রোফাইল। আমরা এই বিষয়টা দেখছি। এই বয়সে ফেক প্রোফাইল, এসব থাকতে পারে। আমরা ওঁর প্রোফাইলটা ব্লু টিক করে নিচ্ছি।" তাহলে কি সাইবার সেলে অভিযোগ জানাচ্ছেন? প্রসেনজিৎ জানান, এবিষয়েও ইতিমধ্যে বলা আছে। নির্দিষ্ট টিম সবটা দেখছে। তিনি জানান, তাঁরও সরাসরি রাজনীতিতে আসার কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে।
প্রসঙ্গত, বি-টাউনের মতো টলিউডেও তারকা সন্তানদের রমরমা রয়েছে। 'স্টার কিড' বলে শুধু না, অনেকেই নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পাকাপক্ত জায়গা করেছেন। তৃষাণজিৎও খুব শীঘ্রই টলিউডে পা রাখতে চলেছেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র মিশুক। ইউরোপে স্কুলজীবন কেটেছে। তার পর দেশে ফেরেন তিনি। স্নাতক ডিগ্রি পেয়েছেন ইতিমধ্যেই। ফুটবল খুবই প্রিয় তাঁর। ইউরোপে থাকাকালীন নিয়মিত খেলতেন। বিভিন্ন সাক্ষাৎকারে প্রসেনজিৎ আগে জানিয়েছিলেন, মিশুকের যে অভিনয় জগৎ নিয়ে একেবারেই চিন্তাভাবনা নেই, তা নয়। তবে, পড়াশোনা শেষ না করে কর্মজীবন শুরু করবেন না। অনেকেই অপেক্ষায় রয়েছেন তাঁর সিনে দুনিয়ায় হাতেখড়ির। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটবে খুব তাড়াতাড়ি।