
শোকের ছায়া বাংলা বিনোদন জগতে। প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়। রবিবার টলিউড অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। এই দুঃসংবাদ আসার পর থেকেই, টলিপাড়ার অনেকেই হাজির হন, রাহুলের বাড়িতে। মধ্যরাত অবধি অভিনেতার বিজয়গড়ের বাড়ির সামনেই ছিলেন পাড়া- প্রতিবেশী, কাছের মানুষেরা। এই মৃত্যু ঘিরে উঠে আসছে নানা রকম তত্ত্ব। ইন্ডাস্ট্রির অনেকেই তুলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন অনেকেই। রাহুলের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসে সোমবার দুপুরে। সেই অনুযায়ী, শরীরে অতিরিক্ত বালি ও নোনা জল ঢুকে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে অভিনেতার।
বিজয়গড়ের বাড়ি থেকে সোমবার বিকালে রওনা হয় রাহুলের মরদেহ। বিকাল ৫টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছায় শববাহী শকট। বাড়ির মতো কেওড়াতলাতেও উপচে পড়া ভিড়। প্রিয় অভিনেতা, প্রিয় বাবিন (রাহুলের ডাকনাম), প্রিয় সহ-অভিনেতাকে শেষ বিদায় জানাতে উপস্থিত কার্যত গোটা টলিপাড়া, পাড়া- প্রতিবেশী সহ তাঁর অসংখ্য গুণমুগ্ধ। কান্নায় ভেঙে পড়লেন অনেকেই। শেষকৃত্য করতে ছেলে সহজকে নিয়ে বাড়ি থেকে কেওড়াতলা পৌঁছান প্রিয়াঙ্কা সরকারও। পরিবারের অনুরোধে অনাড়ম্বরে, ব্যক্তিগত পরিসরে সারা হবে শেষকৃত্য।
রাহুল বরাবর বামপন্থী ছিলেন। অভিনেতার শববাহী শকটেও ছিল লাল ঝান্ডা। লাল সেলামে তাঁকে চিরবিদায় জানালেন বামেরা। হাজির ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম, শমীক লাহিড়ী, শতরূপ ঘোষ, দীপ্সিতা ধর হন আরও অনেকে। বামপন্থী সমর্থকদের কণ্ঠে শোনা যায় 'জাগো জাগো সর্বহারা' গান। সেই সঙ্গে সামিল হয়েছিলেন বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সহ বিরোধী দলের সমর্থক বহু তারকা।
আরও পড়ুন: 'বিশ্বাস হচ্ছে না, মানতে পারছি না এখনও...,' রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সন্দীপ্তা, রুকমা
অভিনয় ছাড়াও রাহুল ছিলেন ক্রীড়াপ্রেমী। পাড়া হোক কিংবা ইন্ডাস্ট্রির কোনও বন্ধুত্বপূর্ণ ম্যাচ, সবেতেই সামিল হতেন তিনি। একদিকে যেমন তাঁর পছন্দের তালিকায় রয়েছে ইস্টবেঙ্গল, সেরকম আন্তর্জাতিক ক্ষেত্রে, অভিনেতা আর্জেন্টিনার ফ্যান। রাহুলের মরদেহের উপরও রাখা হল দুই দলের পতাকা।
প্রসঙ্গত, টলিপাড়ার পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দিঘার তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে রাহুলের মৃত্যু নিশ্চিত করা হয়। ছোটপর্দা, বড়পর্দা, মঞ্চ থেকে ওটিটি, সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতায় সকলের মন বারবার জয় করেছেন। সম্প্রতি নিজের পডকাস্ট চ্যানেলের মাধ্যমের সকলের মনের আরও কাছে পৌঁছান অভিনেতা।
তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত অভিনেতার ময়নাতদন্ত হওয়ার পরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রবিবার, রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনেতার বিজয়গড়ের বাড়িতে যান রাতেই। এই সময় তাঁকে ও রাহুল-পুত্র সহজকে এখন একা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন সকলকে। সোমবার তাম্রলিপ্ত হাসপাতাল সূত্রের খবর, যে পরিমাণ বালি ফুসফুসে পাওয়া গিয়েছে তা অস্বাভাবিক। কম সময় জলে ডুবে থাকলে এত বালি পাওয়া যেত না। সংবাদমাধ্যমে প্রকাশ, অন্তত এক ঘণ্টা জলের তলায় ডুবে ছিলেন রাহুল। জলের তলায় হয়তো সেই অবস্থাতেই পড়েছিলেন। সেই কারণে হয়তো তাঁর দেহ থেকে এতটা বালি ও নোনা জল মিলেছে।