
বিতর্ক এবং মধুমিতা সরকারের নাম যেন সমার্থক। এর আগে পেলের বদলে ভিনিশিয়াস জুনিয়রের ছবি শেয়ার করে চরম ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেত্রী। স্বাধীনতা দিবসের দিন ফের ট্রোলিংয়ের শিকার মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে সরাসরি কটাক্ষ করলেন ঋদ্ধি সেন। তবে থেমে থাকেননি নায়িকাও। তিনিও পাল্টা জবাব দিয়েছেন অভিনেতাকে। ঠিক কী ঘটেছে?
১৫ অগাস্ট সকালে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন মধুমিতা। সাদা সালোয়ার- কামিজ পরে বিশেষ দিন উদযাপন করছেন নায়িকা। তাঁর হাতে রয়েছে তেরঙ্গা চুড়ি। ক্যাপশনে তিনি লেখেন, "স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।" এই অবধি তো ঠিক আছে। কিন্তু সমস্যা হল পোস্ট ঘিরেই। ক্যাপশনের ভুল বানান লিখে কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে।
ঋদ্ধি সেন এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, "স্বাধীনতা 'দিবেস'????? ভারতবর্ষ বানান লিখতে জানে?? ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গিয়েছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে। রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ ৭৮তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না , যে রাজ্যে এক চিকিৎসকের সাদা পোশাক ভেসে গেল রক্তে, সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে। এরা কোনও দিনই শিল্পী ছিল না, ছিল না অভিনেতা। অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত থাকতে গেলে সবার আগে প্রয়োজন সামাজিক সংযোগ, প্রয়োজন শিক্ষা। সমাজ , ইতিহাস, শিক্ষা, এই শব্দগুলো এদের কাছে ভিনগ্রহী , অভিনয় মানে ভান করা নয়, অভিনয় মানে নিজের সর্বস্ব দিয়ে সত্যিটাকে খুঁজে বার করা।"
নেটমাধ্যমে ঝড়ের গতিতে এই পোস্টটি শেয়ার হতেই। ঋদ্ধিকে একহাত নিলেন মধুমিতা। এরপরই নিজের ভুল পোস্টটির ভুল সংশোধন করেন নায়িকা। শুধু তাই নয়, ফেসবুক স্টোরিতে তিনি লেখেন, "আসলে একটা পোস্টে দুটো টাইপো দেখে উনি ভেবেছেন উনি আমাকে খুব চেনেন।" নায়িকা ও লেখেন, "আপনার শিক্ষা নিয়ে কোনও প্রশ্ন তুলব না ঋদ্ধি। কারণ সেটা করলে আপনার পারিবারিক শিক্ষার উপর প্রশ্ন ওঠে। সেটা করতে চাই না। কারণ আপনার মা ধারাবাহিকে আমার মায়ের চরিত্রে পাট করেছেন।" আসলে 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে রেশমিকে দেখা যায় মধুমিতার মায়ের চরিত্রে। যদিও এই ঘটনার পর নিজের পোস্টটি মুছে দেন ঋদ্ধি সেন।
প্রসঙ্গত, কিংবদন্তি ফুটবলারের পেলের মৃত্যুর পরে শোকবার্তা দেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকরাও। আর সেখানেই ঘটে বিপত্তি। পেলের দুটির ছবি শেয়ার করে মধুমিতা ক্যাপশনে লেখেন, 'রেস্ট ইন পিস লেগেন্ড'। সঙ্গে হ্যাশট্যাগে অভিনেত্রী লেখেন পেলের নাম। আসলে নায়িকার শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি পেলের হলেও, অন্যটি ছিল ভিনিশিয়াস জুনিয়রের। ভুলবশত ব্রাজিল, রিয়েল মাদ্রিদ খেলোয়াড়ের ছবি শেয়ার করার পরই নেটিজেনরা কটাক্ষ শুরু করেন অভিনেত্রীকে।