
দুর্ঘটনার কবলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি। অভিনেত্রীর বাড়ির সামনেই আচমকা ঘটে দুর্ঘটনা। একটি ম্যাটাডোরের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর গাড়ির। তবে স্বস্তির খবর, প্রাণে রক্ষা পেয়েছেন অভিনেত্রী।
জানা যাচ্ছে দুর্ঘটনায় ঋতুপর্ণার গাড়িটির পিছনের বাঁদিকের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রীর এক বন্ধুর গাড়িও। তবে ঘটনার সময় বাড়ির ভিতরেই ছিলেন ঋতুপর্ণা। ফলে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, দুর্ঘটনার সময় তিনি বাড়ির ভিতরে ছিলেন। হঠাৎ বিকট সংঘর্ষের শব্দ শুনে চমকে ওঠেন। বাড়ির কর্মীরাও শব্দ শুনে বাইরে ছুটে যান। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, একটি ম্যাটাডোর এসে ধাক্কা মেরেছে তাঁর পার্ক করা গাড়িতে। তাতেই গাড়ির পিছনের বাঁদিকের অংশটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। পাশাপাশি তাঁর এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আচমকা এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। এই দুর্ঘটনায় অভিনেত্রীর কোনও বড়সড় শারীরিক ক্ষতির খবর সামনে আসেনি। অল্পের জন্য বড় বিপদ এড়িয়েছেন তিনি। অভিনেত্রীর বক্তব্য, 'ঘটনার সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। এসে দেখি, একটি ম্যাটাডোর গাড়ি আমার পার্ক করে রাখা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে আমার গাড়ির পেছনের বাম দিকের পুরো অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেখানে কোনও মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।'
অভিনেত্রীর অভিযোগ, যে লরিটি তাঁর গাড়িতে ধাক্কা মেরেছে, সেই গাড়ির চালকের নাকি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
এই ঘটনায় নিজের ক্ষোভ চেপে রাখেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। লাইসেন্স ছাড়া কীভাবে একজন চালক লরি নিয়ে রাস্তায় বেরোতে পারেন, সেই প্রশ্নই তুলেছেন অভিনেত্রী। ঋতুপর্ণার বক্তব্য, 'আমরা সঙ্গে সঙ্গে ম্যাটাডোর চালককে ধরে ফেলি এবং সে যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য তার গাড়ির চাবি নিয়ে নিই। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে, সে ওই গাড়ির অনুমোদিত চালক নয়, বরং ক্যাটারিং সার্ভিসের একজন কর্মী। তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ। সে স্বীকার করেছে যে, তার কাছে কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। অর্থাৎ, সে অবৈধভাবে এবং কোনও অনুমতি ছাড়াই বাণিজ্যিক গাড়িটি চালাচ্ছিল।'