
জল্পনাই সত্যি। মা হতে চলেছেন সোহিনী সরকার। যদিও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু ঘোষণা করেননি তিনি বা শোভন গঙ্গোপাধ্যায়। এমনকি, সংবাদমাধ্যমের সামনেও এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। যদিও বিষয়টি এখন 'ওপেন সিক্রেট'। নায়িকার চেহারায় ইতিমধ্যেই ফুটে উঠেছে মাতৃত্বের লাবণ্য। সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন হবু- মা। যা, সকলের নজর কাড়ছে।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন সোহিনী সরকার। প্রায়শই ফটোশ্যুট করে, সেই মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি নন্দনে আর্টিস্ট ফোরামের অনুষ্ঠান 'শ্রদ্ধাঞ্জলি'-তে সামিল হয়েছিলেন নায়িকা। সেদিনের কিছু ছবি নিয়ে শেয়ার করেছেন। ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প।
মেরুন রঙা শাড়ির সঙ্গে সোহিনী কন্ট্রাস্ট সবুজ ব্লাউজ পরেছেন সোহিনী। হাতে রয়েছে একগুচ্ছ পলা। কানে বড় ঝুমকো। চুলের খোঁপায় জুঁইয়ের মালা। একেবারে হালকা মেকআপে টলি অভিনেত্রীর স্নিগ্ধ লুকে মন মজেছে বহু নেটিজেনের। মাতৃত্বকালীন দ্যুতি ইতিমধ্যে তাঁর চোখে- মুখে। ক্যাপশনে লিখেছেন, 'কিছু খুশি… কিছু দিন হাসি থাক অমলিন'। কমেন্ট বক্সে সকলে শুভেচ্ছা, ভালোবাসা ও প্রশাংসায় ভরাচ্ছেন।
স্টুডিওপাড়ার সূত্র বলছে, চলতি বছরের শুরুর দিকেই নাকি প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করেছিলেন তারকা দম্পতি। শুধু তাই নয়, এখন মা হওয়ার দিকে বেশ কিছুটা ধাপ এগিয়ে গিয়েছেন সোহিনী। সব ঠিক থাকলে নাকি এবছরই জুটির ঘরে ছোট্ট অতিথি আসবে। টিনসেল টাউনের বিভিন্ন পার্টিতেও সোহিনীকে আজকাল কম দেখা যাচ্ছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফেরা’-তে কাজ করেছেন সোহিনী। তবে ছবির প্রিমিয়ারে তাঁর অনুপস্থিতি, এই জল্পনা আরও জোরালো করেছিল।
প্রসঙ্গত, ২০২৪-র ১৫ জুলাই, চার হাত এক হয়েছিল শোভন- সোহিনীর। একেবারে নিজেদের মতো করে, 'প্রাইভেট' অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন তাঁরা। প্রায় এক বছরের প্রেম পরিণতি পায় এদিন। জুটির প্রেম, বিয়ের আগে বছরখানেক ধরে ছিল ওপেন সিক্রেট। গায়কের থেকে নায়িকা প্রায় বছর ছয়েকের বড়। পার্টি, ভ্যাকেশন থেকে যে কোনও উৎসবে তাঁদের নানা আদুরে মুহূর্তের ঝলক মিলত সোশ্যাল মিডিয়ায়। বিয়ের আগে একসঙ্গে বিদেশে ঘুরতে যান। এরপর একেবারে কাছের মানুষদের নিয়ে বিয়ে সারেন তাঁরা।