
ফের দুঃসংবাদ। মাকে হারালেন সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, বিদিশা চক্রবর্তী। প্রয়াত দীপালি চক্রবর্তী। বয়স হয়েছিল ৭৫ বছর। কয়েক দিন আগেও ঘনিষ্ঠ একজনের স্মরণসভায় নৃত্য পরিবেশনা করেছিলেন দীপালি। তার পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। এরপর বাইপাস সংলগ্ন একটি হাসাপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীপালি চক্রবর্তী একজন নৃত্যশিল্পী ছিলেন। জানা যাচ্ছে, দু'দিন আগে এক জনের স্মরণসভায় গিয়েছিলেন তিনি। সেখানে নৃত্য পরিবেশনাও করেন। তার পরে বাড়ি ফিরেই শরীরে অস্বস্তি শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা ধরা পড়ে। চিকিৎসক সেই অনুযায়ী চিকিৎসাও করছিলেন। এমনকী, একটা অস্ত্রোপচারও করতে হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না।
সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি শেয়ার করে দুঃসংবাদ দেন সুদীপ্তা, বিদীপ্তা। রবিবার, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। এরই মাঝে, মাকে হারিয়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন তাঁরা।
বিখ্যাত নাট্যশিল্পী বিপ্লব কেতন চক্রবর্তীর মেয়ে বিদীপ্তা, সুদীপ্তা ও বিদিশা। বিদীপ্তা ও সুদীপ্তা হেঁটেছেন বাবার দেখানো পথেই। অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন তাঁরা। অন্যদিকে বিদিশা, মায়ের মতো নৃত্যশিল্পী। ২০১৮ সালে বাবাকে হারান সুদীপ্তারা। এবার মাতৃবিয়োগে, তাঁদের জীবনে নেমে এসেছে অন্ধকার।