বাংলা, হিন্দির পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে কাজ করছেন যিশু সেনগুপ্ত। ১৯ জুন আসছে যিশু, সৌরভ দাস প্রযোজিত প্রথম ছবি। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবির নাম 'অভিমান'। প্রথমবার জুটিতে কাজ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রযোজকের আসনে বসার পাশাপাশি, মুখ্য চরিত্রেও রয়েছেন যিশু। সম্পর্কের টানাপোড়েন, গভীর প্রেম, বিচ্ছেদ বেদনা, হতাশা, একাকীত্ব সবটা এক সূত্রে বাঁধতে চেয়েছেন পরিচালক। ঠিক কীভাবে গল্প গেঁথেছেন ইন্দ্রদীপ, তা জানা শুধু সময়ের অপেক্ষা। bangla.aajtak.in-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ছবির শুরুর ভাবনা থেকে পোস্ট- প্রোডাকশনের জার্নি শেয়ার করলেন আবেগপ্রবণ যিশু। আড্ডায় উঠে এল, টলিউডের নানা সমস্যা থেকে ব্যক্তিগত জীবনের অভিমানের কথা।