
কলকাতার হরিদেবপুরে বৃদ্ধাকে খুন। সোমবার সকালে নিজের বাড়িতেই বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুন করে ছেলে। এমনই অভিযোগ। ঘটনার পর নিজেই পুলিশের জরুরি নম্বর ১০০-তে ফোন করে মাকে খুনের কথা জানায় অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম উমারানি ঘোষ (৮৫)। অভিযুক্ত ছেলে সাগর ঘোষের বয়স ৬৭ বছর। হরিদেবপুর থানা এলাকার ১১৩/এ, হাফিজ মহম্মদ ইসহাক রোডের বাড়িতে থাকতেন তাঁরা। সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, বাড়ির মধ্যেই সাদা সুতো দিয়ে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে সাগর। এর পর নিজেই ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে ঘটনার কথা জানায় সে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে। তদন্তে নেমেছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও। তাঁদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক বিভাগের ফিঙ্গারপ্রিন্ট ও ফটোগ্রাফি বিশেষজ্ঞরা। বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
চিকিৎসার খরচ নিয়ে কি অশান্তি?
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উমারানি। মায়ের চিকিৎসার খরচ চালাতে সমস্যায় পড়েছিলেন ছেলে সাগর। সেই আর্থিক চাপ থেকেই এই ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেশীদের নেপথ্যে পারিবারিক অশান্তি, আর্থিক বিবাদ, অবসাদ অথবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। ফলে ঠিক কী কারণে বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে, তা জানতে সাগরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
স্থানীয় এক বাসিন্দা জানান, সাগর ও তাঁর মায়ের সম্পর্ক তেমন ভাল ছিল না। অশান্তি লেগে থাকত। সাগর ২০২৯ সালে তার স্ত্রীকে খুনের চেষ্টা করেছিল। সেই থেকে সন্তানকে নিয়ে স্ত্রী আলাদা থাকেন। অভিযুক্ত এখানে মাঝে মাঝে আসত।
আর এক বাসিন্দা জানান,তিনি এই ঘটনার কথা বেলা ১২ টা নাগাদ জানতে পারেন। শুনেছেন, সুতো দিয়ে উমারানি ঘোষকে খুন করেছে সাগর।