
মদের গ্লাসে মেশানোর জন্য জল আনতে চায়নি, আর সেটাই কাল হয়ে দাঁড়াল ৯ বছরের এক শিশুর জীবনে। এই 'অপরাধ'-এর জন্য গুলি করে হত্যা করা হল তাকে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জে।
ঠিক কী ঘটেছে?
উত্তরপ্রদেশের কাসগঞ্জের শাহাওয়ার থানা এলাকার যুক্তগঞ্জ গ্রামে একটি নামকরণের অনুষ্ঠান চলছিল গত শুক্রবার। নিহত শিশুর কাকা অনুজের কথায়, তাদের বাড়িতেই আত্মীয় পরিজনদের ভিড় ছিল নামকরণের অনুষ্ঠান ঘিরে। সেখানেই ধনেশ যাদব এবং জসবীর গোলা নামে ওই শিশুর বাবার দুই বন্ধু তাকে মদের গ্লাসে মেশানোর জন্য জল নিয়ে আসতে বলেন। কিন্তু ছোট ছেলেটি কিছুতেই তা আনতে চায়নি।
এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই দুই ব্যক্তি। মত্ত অবস্থায় মেজাজ হারিয়ে ফেলেন এবং ছেলেটিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। শিশুর পেটে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে।
ঘটনায় তীব্র শোরগোল পড়ে যায় ওই অনুষ্ঠান বাড়িতে। দ্রুত ছেলেটিকে উদ্ধার করে প্রথমে কাসগঞ্জের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় আলিগড়ের একটি হাসপাতালে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। শনিবার রাতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।
পুলিশ আধিকারিক গোবিন্দ বল্লভ শর্মা বলেন, 'ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। তদন্তও শুরু করেছে পুলিশ।' জানা গিয়েছে, ঘটনার পরই এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত। যদিও তাঁকে পরে গ্রেফতার করা হয়েছে খিতাউলি ক্যানেল ব্রিজ থেকে। যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ASP রাজেশ কুমার ভারতী জানান, অভিযুক্তের জেলা হেফাজত হয়েছে। ঘটনার তদন্ত চলছে।