Advertisement

South 24 Parganas: কিশোরী খুনের আগে কলাগাছে প্র্যাক্টিস করেছিল ওরা, বাসন্তীর সেই ঘটনায় ৩ জনের যাবজ্জীবন

ঘটনাটি ২০২৫ সালের জানুয়ারি মাসের। নিহত কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত বছরের ৯ জানুয়ারি আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি।

ছবিটি প্রতীকীছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • বাসন্তী,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 9:30 AM IST
  • বাসন্তীতে একটি মাঠ থেকে উদ্ধার হয় কিশোরীর দেহ
  • খুনের আগে কলাগাছের গুঁড়িতে ব্লেড চালানোর প্র্যাক্টিস
  • সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৪ বছরের এক স্কুলছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় তিন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এই ঘটনায় বুধবার সাজা ঘোষণা করে আলিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। খুন, অপহরণ এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন অতিরিক্ত দায়রা বিচারক সৌভিক দে। দোষীদের নাম বুদ্ধদেব সর্দার, প্রতীক সর্দার এবং দীপেন কয়াল।

বাসন্তীতে একটি মাঠ থেকে উদ্ধার হয় কিশোরীর দেহ

ঘটনাটি ২০২৫ সালের জানুয়ারি মাসের। নিহত কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত বছরের ৯ জানুয়ারি আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। পরে ২০ জানুয়ারি বাসন্তীতে একটি মাঠ থেকে উদ্ধার হয় কিশোরীর দেহ। তদন্তে উঠে আসে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর তার দেহ মাঠের মধ্যে পুঁতে রাখা হয়েছিল।

খুনের আগে কলাগাছের গুঁড়িতে ব্লেড চালানোর প্র্যাক্টিস

মামলার শুনানিতে বিশেষ সরকারি আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা আদালতে অপরাধের ভয়াবহতার বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ২২ বছর বয়সি বুদ্ধদেব সর্দারের। দুই সহযোগীকে সঙ্গে নিয়ে সে এই অপরাধ সংঘটিত করে বলে অভিযোগ।

সরকারি আইনজীবী আদালতকে জানান, হত্যাকাণ্ডের আগে বুদ্ধদেব কলাগাছের গুঁড়িতে ব্লেড চালানোর প্র্যাক্টিস করেছিল। অর্থাৎ, অপরাধ সংঘটিত করার আগে থেকেই সে অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়েছিল বলে আদালতে দাবি করে সরকারপক্ষ। এরপর পরিকল্পনা অনুযায়ী কিশোরীকে খুন করে তার দেহ মাঠের মধ্যে পুঁতে দেওয়া হয়।

সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী

এই মামলায় তিন অভিযুক্তের বিরুদ্ধেই কঠোরতম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছিলেন সরকার পক্ষের আইনজীবী। তাদের অপরাধের নৃশংসতা এবং পরিকল্পনার বিষয়টি তুলে ধরে সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী। তবে সমস্ত দিক বিবেচনা করে আদালত তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে।

Advertisement

মাত্র ১৪ বছর বয়সি এক কিশোরীর এমন পরিণতি এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের মতো ঘটনায় তাকে খুনের অভিযোগ নতুন করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। একই সঙ্গে এই রায় অপরাধীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement