
চায়ের দোকানে গলা কাটা দেহ। ভাঙড়ের হাড়হিম করা ঘটনা। শাকশহর এলাকায় চায়ের দোকান থেকে এক গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জব্বার মোল্লা (৫৫)। তিনিই এই চায়ের দোকানের মালিক। মঙ্গলবার সকালে শাকশহর বাজারের এক চায়ের দোকানে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়মিত সকালেই এই চায়ের দোকান খুলতেন জব্বার মোল্লা। কিন্তু এদিন সকাল থেকেই দোকান বন্ধ ছিল।
এদিকে সময় পেরিয়ে যাওয়ার পরেও দোকান না খোলায় বাবাকে খুঁজছিলেন জব্বার মোল্লার ছেলে। এরপর নিজেই এসে দোকানের দরজা খোলেন। দোকানের দরজা খুলতেই বাবার গলা কাটা দেহ দেখতে পান।
চায়ের দোকানের ভিতর বাবাকে এমন অবস্থায় দেখে আতঙ্কে বিহ্বল হয়ে পড়েন ছেলে। বাজারের আশেপাশের দোকান, স্থানীয়দের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, শুধু গলা কাটা-ই নয়, দেহে একাধিক ক্ষত চিহ্নও রয়েছে। খুনের পিছনে কোনও সুপরিকল্পিত উদ্দেশ্য় রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।