
২০২৪ সালের নভেম্বরের সেই ঘটনা। চকোলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করেছিল প্রতিবেশী অশোক সিং। অশোককে ওই শিশুটি জেঠু বলে ডাকত। সেই নিষ্পাপ ভালোবাসারই ফায়দা তুলেছিল বিকৃত লালসার অশোক। হুগলির গুড়াপের সেই ঘটনায় আলোড়ান পড়ে যায় গোটা রাজ্যে। অশোকের বাড়ি থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল শিশুটিকে। সেই অশোক সিংয়ের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
অশোকের ফাঁসির সাজাই বহাল রাখল হাইকোর্ট
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে অশোক সিংকে ফাঁসির নির্দেশ দিয়েছিল চঁচুড়া পকসো আদালত। পকসো আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অশোক। কিন্তু ঘটনার বীভত্সতা বিচার করে ফাঁসিই বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। অশোক সিংয়ের এই ফাঁসির সাজা মনে পড়াচ্ছে সেই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ঘটনা। ধনঞ্জয়ের বিরুদ্ধেও শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ছিল। আদালতে দোষী সাব্যস্তও হয়েছিল। অশোক সিংও একই অপরাধে দোষী।
অশোককে জেঠু বলে ডাকত ওই শিশুকন্যাটি
অশোক সিংকে ওই শিশুটি জেঠু বলত। ঘটনাটি ঘটেছিল গত বছরের ২৪ নভেম্বর। অভিযোগ ছিল, পাঁচ বছরের ওই শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিবেশী অশোক। এদিকে মেয়েটি বাড়িতে আবার মাংস খাওয়ার বায়না করেছিল। সে কারণে বাবা বাজার থেকে মাংস কিনে আনতে গিয়েছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগই কাজে লাগায় অশোক। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা। কিন্তু, কোথাও তাঁর দেখা মেলেনি। হইচই শুরু হয়ে যায় এলাকায়। প্রতিবেশীরাও খোঁজ শুরু করে দেন। কিন্তু, তারপরেও খোঁজ মেলেনি। এরইমধ্যে অশোকের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে। দ্রুত তাঁকে উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি।
হাইকোর্টেও শেষরক্ষা হল না
এরপর ২৫ নভেম্বর ডিএসপি প্রিয়ব্রত বক্সীর নেতৃত্বে গঠিত হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন হুগলি (গ্রামীণ) তত্কালীন জেলার পুলিশ সুপার কামনাশিস সেন। মামলায় তদন্তকারী অফিসার নিযুক্ত হন ধনেখালির সার্কেল ইনস্পেকটর রামগোপাল পাল। ২৪ নভেম্বরেই ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। শিশুটির দেহের ময়নাতদন্ত হয় কলকাতায়। কলকাতা মেডিক্যাল কলেজে গঠিত হয় তিনজন অটোপ্সি সার্জেন-এর মেডিক্যাল বোর্ড ময়নাতদন্ত করে।
২০২৫ সালের জানুয়ারি মাসে পকসো আদালতে দোষী সাব্যস্ত হয় অশোক সিং। মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়ার পর অশোক সেন দোষী সাব্যস্ত। ফাঁসির সাজা হয় তার। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অশোক। কিন্তু শেষরক্ষ হল না।