Advertisement

Golf Green Couple Death: গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে যুগলের দেহ উদ্ধার, ঘরে মাদক

Golf Green couple death: গল্ফগ্রিনে রহস্য মৃত্যু। রবিবার অরবিন্দ নগরের একটি ফ্ল্যাট থেকে এক তরুণ ও এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দু’জন লিভ-ইন সম্পর্কে ছিলেন।

গল্ফ গ্রিনের ফ্ল্যাট থেকে যুগলের পচাগলা দেহ উদ্ধার, ঘরে মাদক, জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন বন্ধু।গল্ফ গ্রিনের ফ্ল্যাট থেকে যুগলের পচাগলা দেহ উদ্ধার, ঘরে মাদক, জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন বন্ধু।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 May 2026,
  • अपडेटेड 4:03 PM IST
  • ফ্ল্যাট থেকে এক তরুণ ও এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ।
  • ফ্ল্যাট থেকে মাদক দ্রব্যও উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।
  • মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

Golf Green couple death: গল্ফগ্রিনে রহস্য মৃত্যু। রবিবার অরবিন্দ নগরের একটি ফ্ল্যাট থেকে এক তরুণ ও এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দু’জন লিভ-ইন সম্পর্কে ছিলেন। দক্ষিণ কলকাতার ওই ফ্ল্যাট থেকে মাদক দ্রব্যও উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে গল্ফ গ্রিনের একটি বহুতলের চারতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৬ বছর বয়সি এম ডি দিলশাদ এবং ২১ বছরের এক তরুণীর দেহ। দিলশাদের বাড়ি তিলজলায়। তরুণীর বাড়ি রামগড় এলাকায়। চলতি বছরের ৪ এপ্রিল থেকে তাঁরা ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে।

তদন্তকারীদের দাবি, দেহ দু’টিতে পচন ধরেছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরের ভিতর থেকে একাধিক মাদক জাতীয় সামগ্রী উদ্ধার করেছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ফ্ল্যাটে মাঝেমধ্যেই আরও কয়েক জন বন্ধু আসতেন। ঘটনার সময়ও সেখানে আরও দুই যুবক এবং এক যুবতী উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গত চার থেকে পাঁচ মাস ধরে ওই যুগল ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। এলাকার বাসিন্দাদের মতে, তাঁদের খুব বেশি বাইরে দেখা যেত না। তরুণ একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে। অন্য দিকে, তরুণী বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন বলে জানিয়েছেন বাড়ির মালিক।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেই আঘাত কী ভাবে লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। পড়ে গিয়ে আঘাত লেগেছিল কি না, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে।

এলাকার এক প্রবীণ বাসিন্দা জানিয়েছেন, ওই তরুণ-তরুণী লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে স্থানীয়দের মধ্যে জানা ছিল। তাঁর দাবি, শনিবার রাতেও ফ্ল্যাটে আরও কয়েক জন ছিলেন। রবিবার পরিস্থিতি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

ঘটনার খবর পেয়ে তরুণ ও তরুণীর পরিবারের সদস্যেরা থানায় পৌঁছেছেন। তাঁদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। মাদক সেবনের জেরে মৃত্যু কি না, অথবা এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement