Advertisement

অভিনেত্রী নুসরতকে তলব ইডি-র, বাংলাদেশে গম পাচারের মামলায় দিতে হবে হাজিরা

রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি। বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নুসরত জাহান নুসরত জাহান
Aajtak Bangla
  • 20 Apr 2026,
  • अपडेटेड 7:57 PM IST
  • রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি
  • বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি। বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, গম পাচার সংক্রান্ত মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। যদিও এই নিয়ে এখনও অফিশিয়ালি কোনও বিবৃতি দেননি বসিরহাটের প্রাক্তন সাংসদ। 

করোনার সময় বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাক আটক হয়েছিল সীমান্ত এলাকায়। সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। ইডি সূত্রে দাবি, সেই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছে। তদন্তে নেমে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেই সূত্রেই নাম এসেছে নুসরতেরই। তাই জিজ্ঞাসাবাদ করতে চান। 

এর আগে ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নিয়েছিল এক সংস্থা। সেই টাকার বিনিময়ে ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেই ফ্ল্যাট নাকি মেলেনি। টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। সেই সময় সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ ছিল, যে সংস্থা টাকা তুলেছিল তার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। তখনও তাঁকে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। 

প্রসঙ্গত, ভোটের আবহে ধরপাকড়ের আশঙ্কায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যজুড়ে প্রায় ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করানোর পরিকল্পনা রয়েছে। 

প্রায় প্রতিটি সভা থেকে ইডি, সিবিআই-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে বিজেপি। যদিও এবারের ভোটে প্রার্থী নন নুসরত। 

Read more!
Advertisement
Advertisement