
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। প্রয়াগরাজে হান্ডিয়া টোল প্লাজায় খোকন দাসকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। খোকনের বিরুদ্ধে ২০২৫ সালের ৬ জুন তোলাবাজি, হুমকি ও খুনের চেষ্টার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
অনেকদিন ধরেই পলাতক ছিল খোকন
রবিবার গ্রেফতারের পরে খোকনকে আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়ক খোকন দাস। বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতারির খবর সামনে আসতেই তাঁর বাড়ি কাঞ্চননগরে উল্লাসে মেতে ওঠেন স্থানীয়দের একাংশ। রবিবার এলাকায় বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁদের।
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন খোকন দাস
২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পূর্ব বর্ধমানের বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন খোকন দাস। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় বিজেপি নেতাদের বাড়িতে হামলা এবং ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তিনি উস্কানিমূলক ভূমিকা নিয়েছিলেন। ২০২১ সালের নির্বাচনে তিনি ৯১ হাজার ১৫ ভোট পেয়ে বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীকে পরাজিত করেছিলেন। সন্দীপ পেয়েছিলেন ৮২ হাজার ৯১০ ভোট।
বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিয়েছিল
এই খোকন দাসই ভোটের আগে কর্মীদের নিদান দিয়েছিল, ভোট চাইতে গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখার জন্য। বলেছিল, 'চাইলে আমরা কী না করতে পারি! পাঁচ মিনিটে বিজেপির মিটিং বন্ধ করে দিতে পারি।' খোকনের বিরুদ্ধে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগও রয়েছে।