
গড়িয়ায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সার্থক সরকার খুনকাণ্ডে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কালীপুজোর ঠিক আগের রাতে গড়িয়ার ফরতাবাদে একটি ফ্ল্যাটে উদ্ধার হয় সার্থকের রক্তাক্ত দেহ। এই ঘটনায় ইতিমধ্যেই সার্থকের প্রেমিকা বসু ও তার মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ দিনের পুলিশি হেফাজতে। এই খুনের পিছনে বেশ কিছু সম্ভাব্য কারণ উঠে আসছে। প্রেমিকার মা ও মেয়ের বচসা থামাতে গিয়েই কি খুন হতে হল সার্থককে? নাকি এর নেপথ্য়ে রয়েছে আর্থিক লেনদেন?
ঠিক কী ঘটেছে গড়িয়ায়?
পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে সার্থক ও সঞ্চালিকা একসঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময়ে ঝগড়া শুরু হয়। কলেজের ফি জমা দেওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা বাধে সঞ্চালিকার। সেই বচসা থামাতে যান সার্থক সরকার। তখনই আবার সার্থকের সঙ্গে তুমুল বচসা বেধে যায় সঞ্চালিকার। তা শুনে রান্নাঘর ছুটে আসেন মৌমিতা বসু। বচসা চলাকালীনই ধারাল অস্ত্র দিয়ে সার্থকের গলায় কোপ মারেন সঞ্চালিকা।
'আন্টি সার্থকের অবস্থা খুব খারাপ'
বারাসতের বাসিন্দা সার্থকের পরিবারের লোকেদের দাবি, সার্থককে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর পরে সঞ্চালিকাই সার্থকের বাড়িতে ফোন করেন। সার্থকের বাবা সুজয় সরকার বলেন, 'রাত পৌনে ১টা নাগাদ মেয়ে খবর দিচ্ছে, ভাইয়ের অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি চলে এস। আমার মেয়ে যখন ফোন করে ওই মেয়েকে, সঞ্চালিকা, যার বাড়ি গিয়েছিল, ও বলছিল ওর অবস্থা খুব খারাপ। মেয়ে বলছে তুই এক্ষুনি হাসপাতালে নিয়ে যা। যেখান থেকে ব্লাড বেরোচ্ছে চেপে ধর। হাসপাতালে নিয়ে যা। আমার মিসেস সঞ্চালিকাকে ফোন করল। বলল, আন্টি সার্থকের অবস্থা খুব খারাপ। ব্লিডিং হচ্ছে। এসে দেখলাম...।
'গিয়ে দেখি এখান থেকে ব্লাড পড়ছে, ফুটো হয়ে গেছে'
সঞ্চালিকার দাদু অরুণ কুমার বসু জানালেন, ওদের নিজেদের মধ্যে মারামারি হচ্ছিল। তাঁর কথায়, 'প্রথমে স্কুলের টাকা জমা দিতে হবে, পড়ে তো, ল' নিয়ে পড়ে। বলেছে সবার টাকা জমা হয়ে গেল, তুমি এখনও টাকা জমা করলে না। মায়ের সঙ্গে গণ্ডগোল বাধে। তারপর দেখি, মা এখানে রুটি করছিল, তারপর দেখি হঠাৎ চিৎকার। শিগগিরি এসো। গিয়ে দেখি এখান থেকে ব্লাড পড়ছে। ফুটো হয়ে গেছে।' সঞ্চালিকা ও তাঁর মা মৌমিতাকে গড়িয়ার ফ্ল্যাটে যে ঘরে সার্থকের দেহ পাওয়া গিয়েছে, সেখানে মুখোমুখি বসিয়ে জেরা করছে পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই ফরেন্সিক টিম একাধিক নমুনা সংগ্রহ করেছে ঘটনাস্থল থেকে।