Advertisement

কলকাতায় বড়সড় মাদক পাচার চক্র ভাঙল পুলিশ, ১৮ কেজি গাঁজা উদ্ধার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দমদম রোডের মেট্রো হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় STF। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতরা হল সান্তু গায়েন (৩৫) ও সুমি ওঝা (৩৭)।

মাদক উদ্ধার মাদক উদ্ধার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 4:10 PM IST
  • কলকাতায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)
  • গত ৪৮ ঘণ্টায় পরপর দুটি অভিযানে মোট প্রায় ১৮ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে

কলকাতায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গত ৪৮ ঘণ্টায় পরপর দুটি অভিযানে মোট প্রায় ১৮ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৭.৩ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জন অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দমদম রোডের মেট্রো হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় STF। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতরা হল সান্তু গায়েন (৩৫) ও সুমি ওঝা (৩৭)।

তল্লাশির সময় সুমি ওঝার কাছ থেকে ৩.৭ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, অত্যন্ত চতুরতার সঙ্গে মাদকগুলি তাঁর শরীরের নিচের অংশে, বিশেষ করে পেট ও উরুর কাছে কাপড়ের ভিতরে টেপ দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই মাদক সান্তু গায়েনের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি সেখানে এসেছিলেন।

এরপর ধৃত সান্তু গায়েনকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও বড় চক্রের সন্ধান পায় পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে বাবুঘাট বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফার অভিযান চালানো হয়। সেখানে ‘শ্রীকুঞ্জ ট্রাভেলস’-এর কাউন্টার তল্লাশি করে একটি বস্তা উদ্ধার করা হয়, যার ভিতরে ছিল ১৪টি গাঁজার প্যাকেট বা ‘ব্রিক’। এগুলির মোট ওজন ১৪.৬৫১ কেজি। 

এই গাঁজা ভূবনেশ্ববর থেকে একটি বেসরকারি বাসে করে কলকাতায় আনা হয়েছিল। গোটা ঘটনায় একটি সুসংগঠিত মাদক পাচার চক্রের ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। শহরে মাদক পাচার রুখতে এই ধরনের অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে STF।

 

Read more!
Advertisement
Advertisement