ফের মহাত্মা গান্ধির মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য। এবার কালীচরণ মহারাজ নামে এক স্বঘোষিত ধর্মগুরু এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে রায়পুরে অভিযোগও দায়ের হয়েছে।
রায়পুরের প্রাক্তন মেয়র প্রমোদ দুবে কালীচরণ মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে, উস্কানিমূলক মন্তব্য, ধর্মীয় বিভাজনের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
রবিবার ওই স্বঘোষিত ধর্মগুরু রায়পুরের ধরনা সংসদ থেকে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। বলেন, 'রাজনীতির মাধ্যমে ইসলামরা এই দেশটিকে দখল করে নেওয়ার চেষ্টায় আছে।' তিনি আরও বলেন, 'গান্ধিকে হত্যার জন্য নাথুরাম গডসেকে আমার প্রণাম জানাচ্ছি।'
প্রসঙ্গত, কয়েকদিন আগেই হরিদ্বারে একটি ধর্মীয় সমাবেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল কয়েকজনের বিরুদ্ধে। আর সেই রেশ কাটতে না কাটতেই কালীচরণ মহারাজের মন্তব্যটি সামনে এল। যা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
এদিকে, কালীচরণ মহারাজের মন্তব্যের নিন্দা করে টুইট করেছেন রাহুল গান্ধি। তিনি গান্ধিজির একটা বাণী টুইটারে পোস্ট করেছেন। হিন্দিতে লেখা সেই বাণীর বাংলা করলে দাঁড়ায়, "আপনি আমাকে বেঁধে ফেলতে পারেন। আমাকে নির্যাতন করতে পারেন। এই শরীরকে ধ্বংসও করতে পারেন। কিন্তু, আমার ভাবনা-চিন্তা, দর্শন বন্দী করতে পারবেন না।"