
ফ্ল্যাটের ভিতর ঢুকে তিনজনকে এলোপাথাড়ি কোপ। তার জেরে ঘটনাস্থলেই মারা গেলেন তাঁরা। গোটা এলাকায় চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বিজয়, সুনিতা এবং স্বাতী। এঁদের মধ্যে বিজয় ও সুনিতা সম্পর্কে স্বামী-স্ত্রী।
ঘটনা হরিয়ানার সোনিপত জেলার কুন্ডলি থানা এলাকার। সেই ফ্ল্যাটে থাকতেন বিজয়রা। সেখানেই আততায়ী প্রবেশ করে এবং ধারালো কোনও অস্ত্র নিয়ে হামলা চালায় তিনজনের উপর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তৃতীয় মৃতার নাম স্বাতী। তিনজনের উপর এত নৃশংসভাবে হামলা চালানো হয় যে, সেখানেই সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনাস্থল সিল করল পুলিশ
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিপিএল ফ্ল্যাটেরই বাসিন্দা ব্রহ্মপ্রকাশ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও খুনের আসল কারণ এখনও স্পষ্ট নয়। পারিবারিক বিবাদ, ব্যক্তিগত শত্রুতা সহ একাধিক দিক খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে কুন্ডলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই সোনিপত পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ফরেন্সিক টিমও সেখানে পৌঁছে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর গোটা এলাকা সিল করে তদন্ত চালানো হয়।
তদন্ত শুরু পুলিশের
পুলিশ তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোনিপতের সিভিল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে খুনে ব্যবহৃত অস্ত্র এবং মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় বিপুল ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি, গভীর রাতে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন তাঁরা। কিন্তু লোকজন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই তিন জনের মৃত্যু হয়। এই ঘটনা গোটা এলাকাকে নাড়িয়ে দিয়েছে।
সোনিপত পুলিশের তরফে জানানো হয়েছে, অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে। অভিযুক্তকে ধরতে একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে পুরো ঘটনার রহস্য উদঘাটন করা হবে।