
জল্পনার অবসান। ED-র হাতে গ্রেফতার কলকাতার কসবা এলাকার ত্রাস সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। প্রায় সাড়ে তিন মাস গা ঢাকা দিয়ে থাকার পর আজ সোমবার সকালে ED-র দফতরে হাজিরা দেয় সোনা পাপ্পু। ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। তারপরই গ্রেফতার করা হয়।
জমি কেলেঙ্কারি,আর্থিক প্রতারণা ও তোলাবাজির অভিযোগ ছিল সোনা পাপ্পুর বিরুদ্ধে। ভোটের আগে থেকেই শিরোনামে ছিল সে। অতীতে তাকে একাধিকবার তলব করেছিল ED। তবে বারবার হাজিরা এড়িয়ে গিয়েছিল সে। এমনকী ফেসবুক লাইভে এলেও হাজিরা দেয়নি। এরপর ভোট পেরোতেই আজ সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ED-র দফতরে হাজিরা দেয় সোনা পাপ্পু।
গত এপ্রিলে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এ ছাড়াও দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়। ED সূত্রে খবর, সোনা পাপ্পুর নামে বেশ কয়েকটি FIR দায়ের রয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায়। দুর্নীতি, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ, কসবা, বালিগঞ্জ এলাকায় সোনা পাপ্পু ও তার বাইক বাহিনীর দাপটে সন্ত্রস্ত হয়ে থাকত এলাকাবাসী। প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল সে। এছাড়াও বৈশ্বানর চট্টোপাধ্যায়, অসীম বসু, কুমার সাহার মতো তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ওঠাবসা বলেই খবর স্থানীয় সূত্রে।
গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র সরোবর থানা এলাকায় গোলমালের ঘটনায় নাম জড়ায় সোনা পাপ্পুর। স্থানীয়দের অভিযোগ, ওই গন্ডগোলের নেপথ্যে ছিল সোনা। সেই ঘটনার পর থেকেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। তবে নাগাল মেলেনি।