প্রকাশ্যে হামলা, আক্রান্ত বিএসএফ জওয়ানরা! ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় তিন বিএসএফ জওয়ানকে ঘিরে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল পাচারকারীর বিরুদ্ধে। শুধু মারধরই নয়, আহত জওয়ানদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে হামলাকারীরা। ভাঙচুর করা হয় সরকারি গাড়িতেও। ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার সকালে ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাচারকারী সন্দেহে এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। তাঁকে ছাড়াতে আইন হাতে তুলে নেয় গ্রামবাসীরা। কয়েকজন দুষ্কৃতী জওয়ানদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের বেধড়ক মারধর করা হয়। হামলার পর আহত জওয়ানদের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করে অভিযুক্তরা। পাশাপাশি একটি সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়।