বিহারের জামুইয়ে কোচিং ক্লাস থেকে বাড়ি ফেরার পথে এক কিশোর ও এক কিশোরীকে ঘিরে ধরে মারধর ও শ্লীলতাহানি। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জামুইয়ের পুলিশ সুপার বিশ্বজিৎ দয়াল। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিয়োয় যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে আরও কয়েকজনের খোঁজ চলছে। ভাইরাল ভিডিও দেখা যায়, স্কুটারে বাড়ি ফেরার সময় ওই দুই কিশোর-কিশোরীকে ঘিরে ধরে একদল মানুষ। তাঁদের বারবার ক্ষমা চাইতে দেখা যায়। কিশোরটি জানায়, তারা একই স্কুলে পড়ে এবং তাদের সম্পর্কের কথা পরিবারের লোকজনও জানেন। এরপর এক ব্যক্তি তাকে চড় মারেন। অন্য একটি ভিডিয়োয় কিশোরীকে হাতজোড় করে তাঁদের ছেড়ে দেওয়ার আবেদন করতে দেখা যায়। তাঁকে বলতে শোনা যায়, 'দয়া করে আমাদের যেতে দিন, আমরা আর এখানে আসব না।' আরও একটি ভিডিওতে কিশোরের জামার কলার ধরে টানতে এবং এক ব্যক্তিকে কিশোরীকে তুলে নিয়ে দৌড়তে দেখা যায়।