প্রেমের শাস্তি, বাবা-ছেলেকে নগ্ন হয়ে হাঁটতে হল রাস্তায়, এমনই মধ্যযুগীয় বর্বরতার ছবি ধরা পড়ল কলকাতার বেহালায়। বেহালার সরসুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে প্রেম করার ফল হিসাবে প্রেমিকার পরিবারের অত্যাচার সহ্য করতে হল এক যুবক, তাঁর বন্ধু ও বাবাকে। অভিযোগ, প্রথমে তাঁদের উপর অকথ্য নির্যাতন করা হয়। এরপর ওই ছেলেটিকে ও তার পরিবারকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক তরুণ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রবিবার রাতে রাস্তার ধারে দু’জনে গল্প করার সময় তরুণীর পরিবারের সদস্যরা ওই তরুণ ও তাঁর বন্ধুকে বাড়িতে নিয়ে যান। এরপর তরুণের বাবাকেও সেখানে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। তারপর বাড়ির ভিতরে তরুণের বাবাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়। এমনকী, ছেলের সামনেই তাঁর বাবাকে গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তরুণীর মা ওই তরুণীর বাবার হাতে একটি ছুরিও তুলে দেন। এলাকাবাসীর আরও অভিযোগ, ভয়ে তরুণের বাবা প্রায় দুই কিলোমিটার রাস্তা বিবস্ত্র হয়ে হেঁটে সেখান থেকে চলে যেতে বাধ্য হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের বক্তব্য বা কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা জানতে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে এলাকাবাসী।