গঙ্গারামপুরের ঘোষপাড়ার একটি মন্দিরে বসে থাকতে দেখা যায় জনৈক ব্যক্তিকে। দু'হাত বুকের কাছে জড়ো করা। তবে তার কোলে যা ছিল, তা দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। একটি রক্তমাখা কাটা মুন্ডু। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরের ঘোষপাড়ার এই রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, স্ত্রী সীমা সরকার ঘোষকে খুন করে গলা কেটে মন্দিরে গিয়ে বসেছিল রিন্টু ঘোষ। আবার কখনও তাকে ওই কাটা মুন্ডু হাতে রাস্তা ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে। মৃত সীমার জ্যেঠু রাজেশ প্রামাণিক বলেন, 'কী একটা হয়েছিল চাকরিটা ছেড়ে দিয়েছিল রিন্টু। তারপর থেকে ছোটখাটো ব্যবসা করত। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই কেমন একটা হয়ে গিয়েছিষ হঠাৎ করে নিরামিষ খাওয়া শুরু করল। কেমন ধার্মিক ধার্মিক, তান্ত্রিক তান্ত্রিক আচরণ করত। কিন্তু এমন মাথা কেটে নেবে কল্পনাতেও ভাবতে পারিনি।'