পেট্রল পাম্পে ধূমপান করতে বাধা দেওয়ায় লাইটার দিয়ে বাইকের ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিল এক যুবক। ভয়াবহ পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের রায়পুর জেলার উরলা থানা এলাকায়। পুরো ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় আটটা নাগাদ ধর্মেন্দ্র ক্ষত্রিয় ও ইমরান নামে দুই ব্যক্তি উরলার ‘সঙ্গীতা ফুয়েলস’ পেট্রল পাম্পে জ্বালানি ভরতে আসেন। ইমরান বাইকে বসে ছিলেন, আর ধর্মেন্দ্র দাঁড়িয়ে ছিলেন পাশে। ইমরান ট্যাঙ্কের ঢাকনা খুলতেই ধর্মেন্দ্র মুখে সিগারেট নিয়ে তা ধরানোর চেষ্টা করেন। ইমরান তাকে বাধা দিলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। সেই রাগেই ধর্মেন্দ্র লাইটার জ্বালিয়ে পেট্রল ভরার সময় পাইপের মুখে আগুন ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাম্পের মেশিন ও বাইকের ট্যাঙ্কে। যদিও পাম্পকর্মীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পাম্পকর্মীরাই তাঁদের ধরে ফেলেন। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে উরলা থানা।