
বাবা নেই। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে সেই অভাব যে কতটা গভীর হতে পারে, তা অনুভব করছিলেন প্রীতি। কিন্তু রাজস্থানের আলওয়ারে তাঁর বিয়ের দিন এক অন্য ছবি দেখা গেল। প্রয়াত হাবিলদার পাপ্পল সিংয়ের মেয়ের বিয়েতে হাজির হলেন তাঁর সহকর্মীরা। ভারতীয় সেনার ১৬ জাট রেজিমেন্টের আধিকারিক ও জওয়ানরা শুধু অনুষ্ঠানে যোগই দিলেন না, পালন করলেন কনের বাবার দায়িত্বও। তাঁদের এই উদ্যোগে আবেগাপ্লুত প্রীতির পরিবার।
পাপ্পল সিংয়ের মৃত্যুর পর পরিবার চিন্তায় ছিল। বাবা না থাকায় কীভাবে কে দায়িত্ব পালন করবে তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছিল মেয়ের। কিন্তু প্রয়াত সহকর্মীর পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন ১৬ জাট রেজিমেন্টের সেনাকর্মীরা। বিয়ের অনুষ্ঠানে তাঁরা হাজির হন সেনার পোশাকে। কনের বাবা সাধারণত যে দায়িত্বগুলি পালন করে থাকে, তাই নিজেদের কাঁধে তুলে নেন তাঁরা।
শুধু পাশে দাঁড়ানোই নয়, বিয়ের খরচের জন্য প্রীতির পরিবারকে ১ লক্ষ ৬১ হাজার টাকা আর্থিক সহায়তাও দেয় রেজিমেন্ট। অনুষ্ঠানে পাপ্পল সিংয়ের স্ত্রী অনিতা দেবীকে শাল পরিয়ে সম্মান জানানো হয়। প্রয়াত সহকর্মীর পরিবারের প্রতি সেনাকর্মীদের এই শ্রদ্ধা ও ভালোবাসা উপস্থিত অতিথিদেরও আবেগপ্রবণ করে তোলে।
বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বিদায়ের সময়। নতুন জীবনের পথে পা বাড়ানোর আগে প্রীতির কাছে বাবার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই বড় হয়ে দেখা দিয়েছিল। সেই সময়ে তাঁর পাশে ছিলেন বাবার সহকর্মীরা। আশীর্বাদ জানিয়ে এবং প্রয়োজনীয় দায়িত্ব পালন করে তাঁরা বুঝিয়ে দেন, পাপ্পল সিং আর তাঁদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তাঁর পরিবারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি।
এই ঘটনাই ফের সামনে আনল সেনাবাহিনীর সহকর্মীদের মধ্যে গড়ে ওঠা গভীর বন্ধন। কর্মজীবনের গণ্ডি পেরিয়েও সেই সম্পর্ক যে কতটা দৃঢ় থাকতে পারে, ১৬ জাট রেজিমেন্টের এই উদ্যোগ তারই উদাহরণ। একজন সহকর্মীর মৃত্যুর পরেও তাঁর পরিবারের পাশে দাঁড়ানো, তাঁদের সুখ-দুঃখের মুহূর্তে সঙ্গ দেওয়া, সেনার এই পারস্পরিক দায়বদ্ধতারই পরিচয়।
উল্লেখ্য, একই অনুষ্ঠানে প্রীতির পাশাপাশি তাঁর এক আত্মীয়া পূজারও বিয়ে হয়। দুই বোনের বিয়ের আয়োজন হয়েছিল একই জায়গায়। সেই অনুষ্ঠানেই প্রয়াত হাবিলদার পাপ্পল সিংয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে নজির গড়েন তাঁর সহকর্মীরা।