Advertisement

Raghav Chadha Rajya Sabha Status: দলত্যাগী ৭-এর মধ্যে ৩ AAP নেতাকে নিয়ে রহস্য, দলবদল আইনে বিপাকে পড়বেন?

রাঘব চড্ডার দাবি, সংবিধান মেনেই তাঁরা দুই-তৃতীয়াংশ সাংসদ দলত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছেন। এই মর্মে রাজ্যসভার সভাধিপতি সি পি রাধাকৃষ্ণনের হাতে একটি চিঠিও তুলে দিয়েছেন তিনি। রাঘবের তালিকায় বাকি চারজন হলেন, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, স্বাতী মালিওয়াল, বিক্রমজিৎ সিং সাহনি এবং রাজিন্দর গুপ্ত।

AAP-নেতারা বিপাকে?AAP-নেতারা বিপাকে?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 11:49 PM IST

Raghav Chadha Rajya Sabha Status: জাতীয় রাজনীতিতে বড়সড় ভূমিকম্প। নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অতি ঘনিষ্ঠ বলে পরিচিত রাঘব চড্ডা-সহ রাজ্যসভার ১০ জন সাংসদের মধ্যে ৭ জনই যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার এই দলবদলের ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও সাতজনের যোগ দেওয়ার দাবি করা হলেও, আপাতত সামনে এসেছেন রাঘব চড্ডা, সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল। এই তিন সাংসদকে নিয়ে বিজেপির সদর দফতরে দেখা গিয়েছে দলীয় সভাপতি নীতিন নবীনকে। সেখানে তাঁদের মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানায় পদ্ম শিবির।

রাঘব চড্ডার দাবি, সংবিধান মেনেই তাঁরা দুই-তৃতীয়াংশ সাংসদ দলত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছেন। এই মর্মে রাজ্যসভার সভাধিপতি সি পি রাধাকৃষ্ণনের হাতে একটি চিঠিও তুলে দিয়েছেন তিনি। রাঘবের তালিকায় বাকি চারজন হলেন, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, স্বাতী মালিওয়াল, বিক্রমজিৎ সিং সাহনি এবং রাজিন্দর গুপ্ত। যদিও হরভজন, বিক্রমজিৎ ও রাজিন্দর এখনও প্রকাশ্যে কোনও মুখ খোলেননি। এদিকে স্বাতী মালিওয়াল সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে জানিয়েছেন, আপ-এর অন্দরে দুর্নীতি ও নারী নিগ্রহ সহ্য করতে না পেরেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্বাভাবিকভাবেই এই ধাক্কায় হাত গুটিয়ে বসে নেই আম আদমি পার্টি। আপ-এর রাজ্যসভা হুইপ এন ডি গুপ্ত জানিয়েছেন, রাঘব-সন্দীপদের বিরুদ্ধে তাঁরা দলত্যাগ বিরোধী আইনে পদ খারিজের আবেদন জানাবেন। তাঁদের দাবি, সংবিধানের দশম তফশিল অনুযায়ী স্বেচ্ছায় সদস্যপদ ত্যাগ করলে সংসদের সদস্যপদও যাওয়ার কথা। আপ সাংসদ সঞ্জয় সিং সাফ জানিয়েছেন, এই তিন সাংসদ জনসমক্ষে বিজেপিতে যোগ দিয়েছেন, তাই তাঁদের অযোগ্য ঘোষণা করা হোক। বাকি চারজনের স্বাক্ষরের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে কেজরিওয়ালের দল।

এই মহানাটকীয় দলবদলের জেরে এখন প্রশ্ন উঠছে, রাঘব চড্ডাদের সাংসদ পদ কি আদৌ টিকবে? সংবিধানের ১০ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা অনুযায়ী, দুই-তৃতীয়াংশ সাংসদ যদি অন্য দলে মিশে যায়, তবে তাঁরা আইনি সুরক্ষা পেতে পারেন। বিজেপি সভাপতি নীতিন নবীন ইতিমধ্যেই টুইট করে সাতজনকেই অভিনন্দন জানিয়েছেন এবং ২০৪৭-এর উন্নত ভারত গড়ার লক্ষ্যে মোদীজির নেতৃত্বে তাঁদের কাজ করার আহ্বান জানিয়েছেন। এখন দেখার, রাজ্যসভার সভাধিপতি এই নথিপত্র খতিয়ে দেখে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আপ-এর ভবিষ্যৎ এখন আক্ষরিক অর্থেই সুতোর ওপরে ঝুলছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement