
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আজ তক-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আর উনি পদত্যাগ না করলে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন করব।'
একইসঙ্গে অভিজিৎ এ-ও বলেন, 'সরকারের স্বার্থ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেই রক্ষা হবে। যদি তা না হয় তাহলে সরকারেরই ক্ষতি। কারণ আমরা তখন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নামব।'
বিরোধী দলগুলির সমর্থন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অভিজিৎ দিপকে বলেন, 'যাঁরা রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখে আমাদের সমর্থন করছেন, আমি তাঁদের ধন্যবাদ জানাই।' সোনম ওয়াংচুরের অনশন ভাঙার বিষয়ে অভিজিৎ দিপকে বলেন, 'আমরা তাঁর সিদ্ধান্তে আনন্দিত। এই আন্দোলনে সোনম ওয়াংচুকের ত্যাগ অপরিসীম। ওঁকে আমরাই অনুরোধ করেছিলাম অনশন প্রত্যাহার করে নিতে। কিন্তু তাঁর অনশন প্রত্যাহার সত্ত্বেও আমাদের আন্দোলন চলবে।'
আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অভিজিৎ দিপকে বলেন, 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।' তিনি সতর্ক করে বলেন, 'আমরা এখনও সন্তুষ্ট নই। আমাদের দাবিগুলির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক আশ্বাস আসেনি। তবে আগামীকাল আমাদের আবার আলোচনার জন্য ডাকা হয়েছে।'
কেন্দ্রীয় সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ধর্মেন্দ্র প্রধান সম্ভবত ইস্তফা দেবেন না। ককরোচ জনতা পার্টির (CJP) সঙ্গে ম্যারাথন বৈঠক সারেন জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। CJP-র প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এদিন আলোচনার পর ২৪ ঘণ্টার সময় চেয়েছিলেন জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তবে সূত্রের খবর, সম্ভবত ইস্তফা দিচ্ছেন না শিক্ষামন্ত্রী। তবে, আন্দোলনকারী পড়ুয়াদের একাধিক দাবিতে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে মোদী সরকার। নিট কাণ্ডের জেরে যে পড়ুয়ারা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে আর্থিক অনুদান বা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে।