
অনুমতি ছাড়া একটি সরকারি স্কুলে প্রবেশ, সরকারি কাজে বাধা দেওয়া এবং শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগে অভিজিৎ দিপকের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ। তাঁর সঙ্গে থাকা আরও কয়েক জনের বিরুদ্ধেও মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উর্দু স্কুলের ৫৩ বছরের শিক্ষিকা সৈয়দ শামশাদবানু খৈরাত আলির অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঠিক কী অভিযোগ?
অভিযোগ, আওসার কাছে জাভলি এলাকার একটি জেলা পরিষদ উর্দু স্কুলে অভিজিৎ অনধিকার প্রবেশ করেছিলেন। স্কুলটি মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে লাতুর জেলায় অবস্থিত।
অভিযোগ, CJP-র ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে অভিজিৎ দীপকে ও তাঁর কয়েক জন সহযোগী ওই স্কুলে যান। কিন্তু স্কুল কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই তাঁরা স্কুলের ভিতরে ঢুকে পড়েন বলে অভিযোগ। এমনকি পড়ুয়াদের সঙ্গে বসে তাঁদের নানা প্রশ্ন করা হয় বলেও দাবি অভিযোগকারীর।
এর ফলে স্কুলের স্বাভাবিক পঠনপাঠন এবং সরকারি কাজে বাধা তৈরি হয় বলে অভিযোগ শিক্ষিকার।
স্কুলে ঢুকে ভিডিয়ো করার অভিযোগ
শুধু স্কুলে ঢুকে পড়াই নয়, গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে CJP নেতার বিরুদ্ধে।
অভিযোগকারীর দাবি, ওই ভিডিয়োর মাধ্যমে স্কুল সম্পর্কে নেগেটিভ মেসেজ ছড়ানো হয়েছে। এমনকি অভিজিৎ এও দাবি করেছিলেন যে, স্কুলের অব্যবস্থার আসল ছবি ঢাকতে অন্য একটি স্কুলের পড়ুয়াদের এনে ক্লাসে বসানো হয়েছিল। এই দাবি অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।
এ ছাড়াও শিক্ষকদের সাসপেন্ড করিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অভিজিতের বিরুদ্ধে।
‘স্কুল ঠিক করো’ আন্দোলন CJP-র
CJP আপাতত ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচি চালানো হচ্ছে। সেই কর্মসূচির আওতায় মধ্য মহারাষ্ট্রের লাতুর জেলার বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শন করছেন অভিজিৎ দিপকে ও তাঁর সহযোগীরা। স্কুলগুলির পরিকাঠামো এবং বিভিন্ন সমস্যার ছবি তুলে তা ভাইরাল করা হবে বলে স্থির করেছেন তাঁরা।
কোন ধারায় মামলা?
পুলিশ জানিয়েছে, অভিজিৎ দীপক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৩২, ৩২৯(৩), ৩৫১(২) এবং ৩৫৬(২) ধারায় FIR দায়ের করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হলেও এখনও পর্যন্ত তদন্ত শেষ হয়নি। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।