Advertisement

বাজিমাত করল ISRO! সূর্যের সম্পর্কে নতুন আবিষ্কার ভারতের Aditya-L-এর

সূর্যের উপরিভাগ থেকে প্রচণ্ড গতিতে গরম গ্যাস ও বিদ্যুতের আধানযুক্ত কণা বেরিয়ে আসে। এই ঘটনাকে বলা হয় সৌর উদ্‌গিরণ। এত দিন এই বিস্ফোরণের ছবি দেখে তার গতিবিধি বোঝার চেষ্টা করতেন বিজ্ঞানীরা। এবার সেই গবেষণায় নতুন দিশা দেখাল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ কেন্দ্র আদিত্য-L1।

বড় সাফল্য ইসরোর আদিত্য এল ওয়ানের।বড় সাফল্য ইসরোর আদিত্য এল ওয়ানের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 8:04 PM IST
  • গবেষণায় নতুন দিশা দেখাল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ কেন্দ্র আদিত্য-L1।
  • সূর্য থেকে বেরিয়ে আসা গরম পদার্থ সব দিকে সমান ভাবে ছড়ায় না।

আচ্ছা, সূর্যের দিকে তাকালে কী দেখতে পান? একটি উজ্জ্বল গোলক। সাধারণ ক্যামেরার ছবিতেও সূর্যকে এমনটাই দেখায়। কিন্তু তার ভিতরে এবং চারপাশে সব সময় নানা ঘটনা ঘটে চলেছে। সেগুলি পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না। কখনও সূর্যের উপরিভাগ থেকে প্রচণ্ড গতিতে গরম গ্যাস ও বিদ্যুতের আধানযুক্ত কণা বেরিয়ে আসে। এই ঘটনাকে বলা হয় সৌর উদ্‌গিরণ। এত দিন এই বিস্ফোরণের ছবি দেখে তার গতিবিধি বোঝার চেষ্টা করতেন বিজ্ঞানীরা। এবার সেই গবেষণায় নতুন দিশা দেখাল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ কেন্দ্র আদিত্য-L1।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, আদিত্য-L1-এর সাতটি বৈজ্ঞানিক যন্ত্র নিয়মিত সূর্যের উপর নজর রাখছে। তার মধ্যে বিশেষ ভূমিকা নিয়েছে ‘ভিজ়িবল এমিশন লাইন করোনাগ্রাফ’ বা VELC। এই যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, সূর্য থেকে বেরিয়ে আসা গরম পদার্থ সব দিকে সমান ভাবে ছড়ায় না। অর্থাৎ, সৌর বিস্ফোরণের বিস্তার অসম হতে পারে।

বিষয়টি সহজ করে ভাবা যাক। একটি বেলুনে বাতাস ভরলে সেটি সব দিকে সমান ভাবে ফুলবে, এমন নয়। কোথাও বেশি, কোথাও কম ফুলতে পারে। সূর্যের বিস্ফোরণের ক্ষেত্রেও তেমনই কিছু ঘটতে পারে। VELC শুধু বিস্ফোরণের ছবি তোলে না। মহাকাশযানের দিকে এবং তার বিপরীত দিকে গরম সৌর পদার্থ কী ভাবে এগোচ্ছে, সেই গতিবিধিও বুঝতে সাহায্য করে। ফলে শুধু ছবি দেখে যা জানা যায় না, এই যন্ত্রের তথ্য থেকে তারও হদিস মিলছে।

কেন এই গবেষণা গুরুত্বপূর্ণ? কারণ, সৌর বিস্ফোরণ পৃথিবীর দিকে এগিয়ে এলে তার গতি ও দিকের উপর নির্ভর করে মহাকাশে নানা সমস্যা তৈরি হতে পারে। একে বলা হয় ‘স্পেস ওয়েদার’ বা মহাকাশের আবহাওয়া। পৃথিবীর সাধারণ বৃষ্টি বা ঝড়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সূর্য থেকে আসা কণা ও শক্তির প্রভাবে কৃত্রিম উপগ্রহ, যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশে থাকা বিভিন্ন যন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।

Advertisement

তাই সৌর বিস্ফোরণ কখন, কত জোরে এবং কোন দিকে ছড়াচ্ছে, তা আগে থেকে বোঝা জরুরি। আদিত্য-L1-এর এই পর্যবেক্ষণ ভবিষ্যতে সেই পূর্বাভাস আরও উন্নত করতে সাহায্য করতে পারে। ভারতের মহাকাশ গবেষণায় তাই এটি গুরুত্বপূর্ণ অ্যাডভান্সমেন্ট বলা যেতে পারে। 

Read more!
Advertisement
Advertisement