
ইরান যুদ্ধ থেমেও থামছে না। দ্বিতীয় দফার শান্তি বৈঠক শুরুর আগেই তা ভেস্তে যাওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়েও কোনও রকম রফা হওয়ার পরিস্থিতিই তৈরি হচ্ছে না। উল্টে যুদ্ধাবস্থা আরও তীব্র রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যার ফলে বিশ্ববাজারে হুড়মুড়িয়ে বাড়ছে তেলের দাম। এমনকী পেট্রোল, ডিজেলের দাম বাড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ।
কিছুদিন আগেই ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করার কথা ঘোষণা করেছিল। কিন্তু এইজায়গায় বাধা তৈরি করে রেখেছিল আমেরিকা। তারা ইরানের জাহাজকে বন্দি করে নেয়। যার ফলে উত্তপ্ত হয় পরিস্থিতি। দাম বাড়তে থাকে অপরিশোধিত তেলের। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ে ৬ শতাংশ। ডব্লুটিআই বৃদ্ধি পায় ৭ শতাংশ।
এই প্রসঙ্গে অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, রবিবার ক্রুড অয়েলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইউএস ক্রুড অয়েলের দাম ৬.৪ শতাংশ বেড়ে ৮৭.৮৮ ডলারে পৌঁছে যায় শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে যায় ৬.৫ শতাংশ। এটি ব্যারেল প্রতি ৯৬.২৫ ডলারে পৌঁছে যায়।
অশান্তিতেই আগুন তেলের দাম
অনেকেই মনে করেছিলেন, যুদ্ধ এবার শেষের পথে। আমেরিকা এবং ইরান পৌঁছে যাবে চুক্তিতে। যদিও পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে গেল। হরমুজ প্রণালী নিয়ে অ্যাকশনে নেমে পড়ল দুই দেশ। আমেরিকার পক্ষ থেকে চিনের জাহাজকে আটকানো হল। অন্যদিকে আমেরিকার জাহাজের উপরও ইরান হামলা চালিয়েছে বলে খবর। আর এমন পরিস্থিতিতে সোমবারও বাড়ল তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে।
ট্রাম্প কী জানিয়েছেন?
এমন পরিস্থিতিতে আবার মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন, হরমুজকে তারা অবরুদ্ধ করে রাখবে। যার ফলে দ্বিতীয় দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, তারা এই বৈঠকের জন্য ইসলামাবাদ যাচ্ছে না। আর সেই কারণেই আবার দাম বাড়ল অপরিশোধিত তেলের।
ভারতে তেলের দাম বাড়বে?
হরমুজ প্রণালী থেকে ভারতে প্রচুর পরিমাণে তেল এবং গ্যাস আসে। এই মুহূর্তে সেখানে অবরোধ রয়েছে। যার ফলে তেল এবং গ্যাস নিয়ে সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা একটা থাকছেই। আবার অন্যদিকে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আর এই দুই কারণেই ভারতেও পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকে।
যদিও এখনও সরকারের তরফ থেকে এই বিষয়টা নিয়ে মুখ খোলা হয়নি। তাই তেলের দাম নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।