
Amit Shah Rahul Gandhi: নির্বাচনে বার বার হারের জন্য SIR-কে দায়ী না করে আত্মসমীক্ষা করা উচিত কংগ্রেসের। এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেস হারবে বলে দাবি করেছেন তিনি। শাহের কথায়, পর পর চারটি লোকসভা নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে পারে কংগ্রেস।
মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ বলেন, ২০২৪ সালের পর SIR চালু হয়েছে। অথচ তার অনেক আগে থেকেই কংগ্রেস নির্বাচনে হারছে। রাহুল কংগ্রেসের প্রধান নেতা, পরে দলের সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু তাঁর নেতৃত্বে দল ধারাবাহিক ভাবে পরাজিত হয়েছে বলে দাবি শাহের। তাঁর প্রশ্ন, সব হারের জন্য কি SIR-কে দায়ী করা যায়?
রাহুলের ছাত্রদের সঙ্গে যোগাযোগের কর্মসূচি ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ নিয়েও কটাক্ষ করেন শাহ। তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমে প্রচার তৈরি করে মানুষের আস্থা অর্জন করা যায় না। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে SIR-এর ফল বলে ব্যাখ্যা করাও ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
গুজরাতের পুরভোটের ফল তুলে ধরলেন শাহ
শাহের আক্রমণের নেপথ্যে রয়েছে গুজরাতের পুরভোটের ফল। তিনটি পুরসভা ও পুরনিগম মিলিয়ে ১০৪টি আসনের মধ্যে ৯০টিতে জিতেছে বিজেপি। গান্ধীনগর পুরনিগমের ৪৪টি আসনের মধ্যে ৩৮টিতে জয় পেয়েছে তারা। শাহের দাবি, গান্ধীনগরে বিজেপির ভোটের হার আগের বারের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এই ফলকে মোদীর প্রতি মানুষের আস্থার প্রমাণ বলে ব্যাখ্যা করেছেন তিনি।
গুজরাত ছাড়াও ত্রিপুরা, রাজস্থান এবং কয়েকটি রাজ্যের উপনির্বাচনের ফল তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, ত্রিপুরার স্থানীয় নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার হলেও বিজেপি ভাল ফল করেছে। তাই শুধু ইভিএম বা ভোটার তালিকাকে দায়ী করে কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকতে পারে না বলে দাবি শাহের।
'গ্রামে মানুষের কাছে পৌঁছতে পারছে না কংগ্রেস'
দিল্লিতে SIR-বিরোধী প্রতিবাদে রাহুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন শাহ। তাঁর দাবি, দেশের মানুষের প্রকৃত মতামত জানতে হলে গ্রাম, প্রত্যন্ত অঞ্চল এবং কৃষকদের কাছে পৌঁছতে হবে। কংগ্রেস সেই যোগাযোগ হারিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।