Advertisement

'নির্লজ্জ! নেতা-মন্ত্রীরা কি নিজেদের ভগবান ভাবছেন?', পড়ুয়াদের লাঠিচার্জ নিয়ে সরব অরিজিৎ

রাজনীতির সক্রিয় ময়দানে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে কোনও সামাজিক বা মানবিক ইস্যুতে নিজের অবস্থান জানাতে কখনও পিছপা হননি গায়ক অরিজিৎ সিং। এবার দিল্লিতে নিট-সংক্রান্ত বিতর্কের জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তিনি।

পড়ুয়াদের ওপর লাঠি চার্জের প্রতিবাদ অরিজিতের।-ফাইল ছবিপড়ুয়াদের ওপর লাঠি চার্জের প্রতিবাদ অরিজিতের।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2026,
  • अपडेटेड 5:56 PM IST
  • রাজনীতির সক্রিয় ময়দানে তাঁকে খুব একটা দেখা যায় না।
  • তবে কোনও সামাজিক বা মানবিক ইস্যুতে নিজের অবস্থান জানাতে কখনও পিছপা হননি গায়ক অরিজিৎ সিং।

রাজনীতির সক্রিয় ময়দানে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে কোনও সামাজিক বা মানবিক ইস্যুতে নিজের অবস্থান জানাতে কখনও পিছপা হননি গায়ক অরিজিৎ সিং। এবার দিল্লিতে নিট-সংক্রান্ত বিতর্কের জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তিনি।

সোমবার রাজধানীতে পড়ুয়াদের ‘সংসদ অভিযান’ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সেই ঘটনার একাধিক ভিডিও ও ছবি সামনে আসার পর দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিশিষ্টজনদের একাংশও পড়ুয়াদের প্রতি সমর্থন জানিয়েছেন।

এই পরিস্থিতিতেই নিজের এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেন অরিজিৎ সিং। দিল্লি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি লেখেন, “বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।”

এরপর আরও ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, “এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেদেরই ভগবান ভাবতে শুরু করেছেন? কী চলছে এসব! সবকিছুর হিসাব কিন্তু মানুষ রাখছে।”

পোস্টের শেষে ‘হর হর মহাদেব’ লিখে অরিজিৎ সতর্কবার্তাও দেন। তাঁর বক্তব্য, “মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।”

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই সরব দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। অভিনেত্রী শাবানা আজমি, জিনাত আমান, পরিচালক অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ-সহ বিনোদন জগতের একাধিক পরিচিত মুখও আন্দোলনরত পড়ুয়াদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার যোগ হল অরিজিৎ সিংয়ের নামও।

অরিজিৎ বরাবরই সামাজিক বিষয় নিয়ে সংযত হলেও স্পষ্ট মত প্রকাশের জন্য পরিচিত। তাই তাঁর এই মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, দেশের শিক্ষাব্যবস্থা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তাঁর উদ্বেগই এই প্রতিক্রিয়ায় ফুটে উঠেছে।

অন্যদিকে, চলতি বছরে প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পরেও অরিজিৎ সিংয়ের গাওয়া কয়েকটি নতুন গান মুক্তি পাওয়ায় অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছিল, তিনি কি আবার প্লেব্যাকে ফিরছেন? তবে গায়কের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সম্প্রতি যে গানগুলি মুক্তি পাচ্ছে, সেগুলির রেকর্ডিং ও চুক্তি অবসর ঘোষণার আগেই সম্পন্ন হয়েছিল। অরিজিৎ নতুন করে প্লেব্যাক শুরু করেননি; আগে করা প্রতিশ্রুতিগুলিই পূরণ করছেন। সূত্রের দাবি, সেই সব গান ২০২৭ সাল পর্যন্ত ধাপে ধাপে মুক্তি পাবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement