
West Bengal Assam Puduchhery Kerala Tamilnadu Election Results 2026: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ঘড়ির কাঁটা ঘুরলেই কাল, ৪ মে দেশজুড়ে শুরু হবে বহুচর্চিত পাঁচ রাজ্যের নির্বাচনি যুদ্ধফল। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুডুচেরি, দেশের এই পাঁচ প্রান্তের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে সোমবার। সকাল ৮টা থেকে শুরু হবে কাউন্টডাউন। নিয়ম মেনে প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম-এর (EVM) জট খুলবে। কালকের এই দিনটি কেবল পাঁচটি রাজ্য নয়, ভারতের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ গতিপথও অনেকটা স্পষ্ট করে দেবে।
বঙ্গের লড়াই ও প্রস্তুতির ছবি:
রাজ্যের ২৯৩টি আসনের জন্য কাল ৭৭টি গণনা কেন্দ্র তৈরি রাখা হয়েছে। এ রাজ্যে ভোট পড়েছিল ৯২.৪৭ শতাংশ। তবে ফলতা আসনে গোলমালের জেরে সেখানে আগামী ২১ মে পুনর্নির্বাচন হবে। তৃণমূলের লক্ষ্য চতুর্থবার ক্ষমতা দখল, অন্যদিকে বিজেপির মরিয়া চেষ্টা পরিবর্তনের। বাম-কংগ্রেস জোট কি ফের অপ্রাসঙ্গিকতা ঝেড়ে ঘুরে দাঁড়াতে পারবে? উত্তর মিলবে কালই। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সবকটি গণনা কেন্দ্র। কিউআর (QR) কোড দেওয়া ফটো আইডি ছাড়া কারো প্রবেশাধিকার নেই।
অন্যান্য রাজ্যের হালহকিকত:
অসমে ১২৬টি আসনের জন্য ৪০টি কেন্দ্র পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ২৫ এবং রাজ্য পুলিশের ৯৩টি কোম্পানি। সেখানে হিমন্ত বিশ্বশর্মা বনাম গৌরব গোগৈ-র লড়াই তুঙ্গে। কেরলে আবার বামেদের দুই দফার শাসনের পর এবার ইউডিএফ (UDF) ও বিজেপি কতটা কামড় দিতে পারে, সেটাই দেখার। সেখানে ১৫,৪৬৪ জন কর্মী গণনার কাজে নিযুক্ত। তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের ডিএমকে-র পালটা দিতে তৈরি এআইএডিএমকে এবং বিজয়-এর টিভিকে। পাশাপাশি ছয় রাজ্যের আটটি উপনির্বাচনের ফলাফলও কাল জানা যাবে।
নিরাপত্তার ত্র্যহস্পর্শ:
প্রতিটি গণনা কেন্দ্রে মোতায়েন থাকছে তিন স্তরের নিরাপত্তা বলয়। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) ঘেরাটোপে থাকবে ইভিএম রুম। মোবাইল ফোন ব্যবহারে জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। শুধুমাত্র রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরাই ফোন ব্যবহারের অনুমতি পাবেন। জয়ী ও বিজিত— দুদলের কর্মী-সমর্থকদের উত্তেজনা সামলাতে আগেভাগেই সতর্ক প্রশাসন। রাজনীতির এই মেগা ফাইনাল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।