
উত্তরাখণ্ডে ফের হেলিকপ্টার দুর্ঘটনার আশঙ্কা। বদ্রীনাথ থেকে ফাটা যাওয়ার পথে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। হেলিকপ্টারটি পরিচালনা করছিল ট্রান্স ভারত অ্যাভিয়েশন। এই ঘটনায় পাইলট-সহ মোট ৬ জন নিখোঁজ রয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের কোনও সন্ধান পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চামোলি জেলার জোশীমঠ এলাকার হাতি পাহাড়ের পিছনে ছাই গ্রামের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ হেলিকপ্টারটির খোঁজে ইতিমধ্যেই আরও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। সেগুলির সাহায্যে দুর্ঘটনাস্থল এবং ধ্বংসাবশেষের সন্ধান চালানো হচ্ছে।
তবে এলাকায় একটানা বৃষ্টি এবং ঘন মেঘের কারণে উদ্ধারকারী দলকে সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার জেরে হেলিকপ্টারটির সঠিক অবস্থান চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।
জোশীমঠের মহকুমাশাসক জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি। হেলিকপ্টার দুর্ঘটনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যে এলাকা দুর্ঘটনাস্থল হিসেবে অনুমান করা হচ্ছে, সে দিকে দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনা বা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারের বিষয়ে কোনও সরকারি বিবৃতি মেলেনি। ফলে ঠিক কী ঘটেছে, তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
অক্টোবরেও জরুরি অবতরণ করাতে হয়েছিল দুই হেলিকপ্টারকে। প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসেই উত্তরাখণ্ডে চারধাম যাত্রার সঙ্গে যুক্ত দু'টি হেলিকপ্টারকে জরুরি অবতরণ করতে হয়েছিল। একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে রুদ্রপ্রয়াগে জরুরি অবতরণ করে। অন্য একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে টিহরিতে অবতরণ করতে বাধ্য হয়।
সর্বশেষ এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা। বিশেষ করে ভারী বৃষ্টি এবং দৃশ্যমানতা কমে যাওয়ার মতো পরিস্থিতিতে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার চালানোর ঝুঁকি আরও একবার সামনে এল।