
দুর্গাপুজোর শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। পুজো মিটতেই এ বার শক্তিশালী নিম্নচাপের আশঙ্কা শুরু। বঙ্গোপসাগরে আবহাওয়ার যা গতিবিধি, তাতে শীঘ্রই আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে পূর্বাভাস।
বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা
দিল্লির মৌসম ভবন IMD-র শেষ পূর্বাভাস অনুযায়ী, থাইল্যান্ড উপসাগর সংলগ্ন থাইল্যান্ড ও মায়ানমারের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে পৌঁছেছে। ঘূর্ণাবর্তটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে শুক্রবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি তৈরি হওয়ার পর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে। তবে সম্ভাব্য এই নিম্নচাপের পরবর্তী গতিপথ এবং শক্তি কতটা বাড়তে পারে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট পূর্বাভাস দেয়নি IMD। ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্রের অধিকর্তা মনোরমা মহান্তি জানিয়েছেন, নিম্নচাপ তৈরি হওয়ার পরই তার শক্তি ও গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ঠিক কবে ওই সিস্টেমটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে?
তা হলে আগামী কয়েক দিনে সম্ভাব্য নিম্নচাপটির গতিপ্রকৃতি কী? তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে IMD। অধিকাংশ আবহাওয়া মডেলেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত মিলেছে। তবে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ECMWF)-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবরের দিকে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই পূর্বাভাস এখনও IMD নিশ্চিত করেনি।
পশ্চিমবঙ্গে দুর্যোগের কী পূর্বাভাস?
অ্যাকিউওয়েদার-এর আবহাওয়াবিদ জেসন নিকোলস X হ্যান্ডেলে অবশ্য আরও এগিয়ে দাবি করেছেন, ওই নিম্নচাপটি ঘূর্ণিঝড় পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তা হতে পারে চলতি সপ্তাহের শেষের দিকেই। তারপর ওই সাইক্লোন বা ঘূর্ণিঝড় এগোবে আন্দামান দ্বীপপুঞ্জের দিকে। যার নির্যাস, আগামী সপ্তাহের মাঝামাঝি পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে দুর্যোগ শুরু হতে পারে। নিকোলসের দেওয়া সম্ভাব্য গতিপথের পূর্বাভাসকে সমর্থন করেছেন চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষক পার্থন।
তাঁর মতে, এল নিনো পরিস্থিতিতে অক্টোবর মাসে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বা নিম্নচাপজাতীয় আবহাওয়া ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই পশ্চিম দিকে অগ্রসর হয়। আসন্ন আবহাওয়া ব্যবস্থাটিও উৎপত্তিস্থল থেকে আরও পশ্চিম দিকে এগোতে পারে বলে ইঙ্গিত মিলছে।
আবহাওয়াবিদরা এই সম্ভাব্য নিম্নচাপের গতিপ্রকৃতির উপর কড়া নজর রাখছেন। কারণ, বঙ্গোপসাগরে প্রায়ই শক্তিশালী আবহাওয়া সিস্টেম তৈরি হয়। বিশেষত অক্টোবর মাসে এই ধরনের আবহাওয়া সিস্টেমের সক্রিয়তা বাড়তে দেখা যায়।