
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বিতর্কিত পোস্ট বাঙালি মহিলার। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করল পুলিশ। জ্যোৎস্না বিবি নামের ওই অভিযুক্তের বাড়ি দক্ষিণ দিনাজপুরে। তবে কাজের সূত্রে সে থাকে গুরগাওঁয়ে। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্য়ায় সংহিতার ২৯৯ ধারায় জ্যোৎস্নার নামে FIR হয়েছে। স্বামী ফজুর রহমানের সঙ্গে সে থাকত। আসল বাড়ি দক্ষিণ দিনাজপুরের দামোদরপুর গ্রামে।
জ্যোৎস্নার বানানো ভিডিওতে দেখা যায়, রান্নাঘরে কড়াইতে গরুর মাংস রান্না করছে জ্যোৎস্না। একইসঙ্গে সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করছে। সে বলছে, 'তুমি আমাকে এবার কোরবানি করতে দাওনি। অথচ তুমি নিজেই অন্যের বাড়িতে গিয়ে দু'বাটি গরুর মাংস খাও। তুমি মাংস ভালোবাসো, তাই আমি তোমার জন্য এই মাংস আর রুটি তৈরি করেছি। যদি ভাত চাও, আমাকে জানিও।'
ভিডিওটির শেষ অংশে মহিলাটির রাগ আরও স্পষ্ট হয়ে ওঠে। সে শুভেন্দুকে সতর্ক করে বলে, অতিরিক্ত লোভ ভালো নয়। এর ভয়াবহ পরিণতি। সে অভিযোগ করে, পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর অত্যাচার করছে শুভেন্দু ও বিজেপি। তার কথায়, 'মনে রেখো যে তুমি হিন্দুদের উস্কে দিচ্ছ, মনে রেখো, আল্লাহ উপরে বসে আছেন। তিনিই তোমাকে শিক্ষা দেবেন।'
এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তার জেরে চকপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। পুলিশ চকপুরের চন্দ্রলোকের বাসিন্দা জোৎস্না বিবিকে গ্রেফতার করে।