
চকোলেট খাওয়ার পরই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ২৩ বছরের এক তরুণী। বেঙ্গালুরুর এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর হাসান জেলার একটি লজে চকোলেট খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রাণ চলে যায় ওই তরুণীর। ঠিক কী ঘটেছিল?
বর্ষা নামে ওই তরুণী গত ১১ সেপ্টেম্বর সাকলেশপুর লজে ওঠেন। তুতো বোন এবং এক বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। স্নানে যাওয়ার আগে বর্ষা একটি চকোলেট খেয়েছিলেন। কিন্তু বাথরুম পর্যন্ত যেতে না যেতেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এমনটাই জানিয়েছেন হাসান জেলা পুলিশের SP।
বর্ষার তুতো বোন এবং বন্ধু, যাঁরা তাঁর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হাসান জেলা পুলিশের SP বলেন, 'বর্ষার মা-বাবা এই বেড়ানোর বিষয়ে জানতেন। যা বেঙ্গালুরু থেকে ১৯০ কিমি দূরে অবস্থিত। বর্ষার শরীরে কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।' ইতিমধ্যেই রহস্যমৃত্যুর মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে বর্ষার দেহ। ঠিক কী থেকে বর্ষার মৃত্যু হল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ময়নাতদন্তের না আসা পর্যন্ত চকোলেট থেকে বিষক্রিয়া হয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত ভাবে জানাতে পারছে না পুলিশ।
এই ঘটনার নেপথ্যে কোনও খুনের ষড়যন্ত্র রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে হাসান জেলার পুলিশ।