
কৃষকদের আয় বৃদ্ধি, কৃষি উৎপাদনের মান উন্নত করা এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের লক্ষ্যে নয়াদিল্লিতে শুরু হল ‘ভারত কৃষি সম্মেলন ২০২৬’। কৃষক ও কৃষি ক্ষেত্রের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য কিষাণ তক-এর উদ্যোগে ভারত মণ্ডপমে আয়োজিত হয়েছে দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। এবারের সম্মেলনের মূল ভাবনা ‘স্মার্ট কৃষক, উন্নত ভারত’। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। উদ্বোধনী বক্তব্যে তিনি কৃষির উন্নয়ন, কৃষকদের আয় বৃদ্ধি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেন।
চিরাগ পাসওয়ান বলেন, 'ভারতের মতো কৃষিপ্রধান দেশের জন্য এই ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এখানে দেশের বিভিন্ন প্রান্তের কৃষক, কৃষি বিশেষজ্ঞ এবং শিল্পপতিরা একসঙ্গে বসে কৃষির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সুযোগ পান।' এই সম্মেলনের আয়োজন করার জন্য ইন্ডিয়া টুডে গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দু’দিনের এই আলোচনা দেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নে ইতিবাচক ভূমিকা নেবে বলেও জানান তিনি।
ভারতের খাদ্য নিরাপত্তায় কৃষকদের অবদান
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'ভারতের মেরুদণ্ড হলেন কৃষকরা। তাঁদের পরিশ্রমের ফলেই বিপুল জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে দেশ। একসময় ভারতকে খাদ্যশস্যের সঙ্কটের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু কৃষকদের কঠোর পরিশ্রমের ফলে সেই পরিস্থিতি বদলে গিয়েছে। বর্তমানে ভারত শুধু নিজের খাদ্যের চাহিদা মেটাচ্ছে না, বিশ্বের অন্যান্য দেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।'
তবে কৃষি উৎপাদন বাড়ানোই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় বলে মনে করেন চিরাগ। তাঁর মতে, উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্যের গুণমান এবং বাজারমূল্য বাড়ানোর দিকেও নজর দিতে হবে। শুধু বেশি পরিমাণে ফসল উৎপাদন করলেই হবে না, সেই ফসলকে কীভাবে আরও মূল্যবান পণ্যে পরিণত করা যায়, সেটাও ভাবতে হবে।
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারে জোর
চিরাগ পাসওয়ানের মতে, ভারত কৃষি উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এখনও অনেকটা পথ এগোনো বাকি। উৎপাদিত কৃষিপণ্যকে প্রক্রিয়াজাত করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আরও আকর্ষণীয় পণ্য হিসেবে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, 'দেশের প্রতিটি ক্ষেত্রকে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। সেই লক্ষ্য পূরণে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নতি হলে ভারতীয় খাবার ও রান্নার বৈচিত্র্য বিশ্বের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।'
কেন্দ্রীয় মন্ত্রী জানান, তাঁর স্বপ্ন, আগামী দিনে বিশ্বের এমন কোনও খাবারের টেবিল থাকবে না, যেখানে অন্তত একটি ভারতীয় খাবার থাকবে না। ভারতকে বিশ্বের অন্যতম বড় খাদ্য সরবরাহকারী হিসেবে গড়ে তুলতে হলে এই শিল্পের পরিকাঠামো আরও উন্নত করতে হবে।
ফসলের ন্যায্য দাম না পাওয়ার সমস্যা
কৃষকদের অন্যতম বড় সমস্যা হিসেবে ফসল সংরক্ষণের পর্যাপ্ত পরিকাঠামোর অভাবের কথা তুলে ধরেন চিরাগ পাসওয়ান। তাঁর বক্তব্য, অনেক সময় কৃষকেরা বাধ্য হয়ে নামমাত্র দামে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করে দেন। আলু, টমেটো ও পেঁয়াজের মতো কৃষিপণ্যের ক্ষেত্রে এই সমস্যা প্রায়ই দেখা যায়। কখনও কখনও ন্যায্য দাম না পেয়ে কৃষকদের রাস্তায় ফসল ফেলে দিতেও দেখা যায়। এর অন্যতম কারণ, কৃষকদের কাছে দীর্ঘদিন ফসল সংরক্ষণ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে বাজারে দাম কম থাকলেও ফসল বিক্রি করা ছাড়া তাঁদের সামনে অন্য কোনও উপায় থাকে না।
চিরাগের মতে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার ঘটলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। প্রক্রিয়াকরণের মাধ্যমে কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়ানো যায়। ফলে কৃষকেরা তাড়াহুড়ো করে কম দামে ফসল বিক্রি না করে উপযুক্ত বাজার ও দাম পাওয়ার জন্য অপেক্ষা করতে পারবেন।
কৃষকদের কাছে পৌঁছতে হবে শিল্প সংস্থাগুলিকে
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারে বেসরকারি সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, এই দায়িত্ব শুধু সরকারের নয়। সরকার প্রয়োজনীয় নীতি ও পরিকাঠামো তৈরিতে সাহায্য করতে পারে। কিন্তু শিল্প সংস্থাগুলিকেও বিনিয়োগ বাড়াতে হবে এবং নতুন নতুন জায়গায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তুলতে হবে।
বিশেষ করে কৃষকদের খামার ও উৎপাদন কেন্দ্রের কাছাকাছি এই ধরনের ইউনিট তৈরি করার উপর জোর দিয়েছেন তিনি। কারণ, উৎপাদনস্থল থেকে অনেক দূরে কৃষিপণ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবহণ ও সংরক্ষণের সমস্যা তৈরি হয়। স্থানীয় স্তরে প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি হলে সেই সমস্যা কমবে। পাশাপাশি কৃষকেরাও তাঁদের উৎপাদিত ফসলের আরও ভালো দাম পেতে পারবেন।