
সবুজ বিপ্লবের সময়ের চেয়েও গত ১০ বছরে ভারতের কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশেরও বেশি। বড় দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানালেন, সবুজ বিপ্লবের সময় ভারতের কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৩ শতাংশের কাছাকাছি। সেখানে বর্তমানে তা বেড়ে হয়েছে ৪.৩ শতাংশ।
ইন্ডিয়া টুডে গোষ্ঠীর কিসান তক-এর উদ্যোগে আয়োজিত 'ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬'-এ ভারতের কৃষিমন্ত্রী জানালেন, খাদ্যশস্য উৎপাদনে ভারত এখন অনেকটাই স্বনির্ভর। গম ও চাল আমদানি করার দেশ থেকে ভারত বর্তমানে এই দুই খাদ্যশস্য রফতানিও করছে। পাশাপাশি ফল ও সবজি উৎপাদনেও বিশ্বে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দেশ। তবে ডাল ও তৈলবীজ উৎপাদনে এখনও ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য।
শিবরাজের কথায়,'দেশের ১৪০ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টির মান উন্নত করা এবং কৃষকদের জীবনযাত্রার উন্নতি ঘটানোই সরকারের কৃষি পরিকল্পনার মূল উদ্দেশ্য। কৃষক শুধু অন্নদাতা নন, জীবনদাতাও। কৃষকদের আয় বাড়ানো এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।'
আমদানি-রফতানি নীতিতে কৃষকদের স্বার্থকে গুরুত্ব
খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কখনও রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে, আবার কখনও আমদানির অনুমতি দেয়। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গে শিবরাজের বক্তব্য, উৎপাদক ও ক্রেতা, উভয়ের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কেন্দ্র। তাঁর বক্তব্য, কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, আবার সাধারণ মানুষও যাতে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য কিনতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। দেশের অভ্যন্তরে কোনও পণ্যের ঘাটতি দেখা দিলে আমদানি করতে হয়। তবে দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষায় আমদানি শুল্ক বাড়ানোর মতো পদক্ষেপও করা যেতে পারে।
কৃষকরা যে দাম পান এবং বাজারে ক্রেতাদের যে দামে পণ্য কিনতে হয়, তার মধ্যে বড় ব্যবধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই ব্যবধানের অন্যতম কারণ হিসেবে মধ্যস্বত্বভোগীদের ভূমিকার কথা তুলে ধরেন কৃষিমন্ত্রী। কৃষকদের আয় বাড়াতে এই ব্যবধান কমানোর উপায় খুঁজছে সরকার। এ বিষয়ে কৃষকদের কাছ থেকেও পরামর্শ চেয়েছেন তিনি।
কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি
কৃষকদের আয় দ্বিগুণ করার আগের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্নের জবাবে শিবরাজ জানান, এই সংক্রান্ত আলোচনায় যে পরিসংখ্যান ব্যবহার করা হচ্ছে, তা ২০১৮ সালের তথ্যের ভিত্তিতে তৈরি। কৃষকদের বর্তমান আয়ের পরিস্থিতি জানতে নতুন সমীক্ষা চালানো হচ্ছে। তিনি এও স্বীকার করলেন, সব কৃষকের আয় সমান হারে বাড়েনি। আবহাওয়ার প্রতিকূলতা, চাষের পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহারের পার্থক্যের কারণে কৃষকদের আয়ে তারতম্য রয়েছে। তাঁর দাবি, অনেক কৃষকের আয় দ্বিগুণ হয়েছে। কারও কারও আয় তিন থেকে চার গুণও বেড়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে কৃষকের সমস্ত পরিশ্রমই নষ্ট হয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে ফসল বিমার গুরুত্ব তুলে ধরেন তিনি। কৃষিমন্ত্রীর দাবি, ফসল বিমা প্রকল্পে এখনও পর্যন্ত ২.০৯ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অন্যদিকে, পিএম-কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে প্রায় ৪.৬৬ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে। শিবরাজ বলেন, 'আমরা চাই, ভারত শুধু দেশের খাদ্যভাণ্ডার হয়ে না থেকে গোটা বিশ্বের খাদ্যভাণ্ডার হয়ে উঠুক।'
কৃষি উৎপাদন বাড়ানো, চাষের খরচ কমানো, ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া এবং প্রাকৃতিক ও বৈচিত্র্যময় চাষের প্রসার, সব কিছুকেই সরকারের বৃহত্তর কৃষি পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরেন তিনি।
সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখপ্রকাশও করেন কৃষিমন্ত্রী। সম্প্রতি তাঁর মায়ের মৃত্যু হয়েছে। পারিবারিক দায়িত্বের কারণে তিনি দিল্লিতে সম্মেলনে উপস্থিত হতে পারেননি বলে জানান। ভার্চুয়ালি যোগ দেওয়ার ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে কৃষকদের সঙ্গে সরাসরি দেখা করার আশাও প্রকাশ করেন।
১১ কোটি কৃষককে দেওয়া হয়েছে ডিজিটাল ফার্মার আইডি
আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির প্রসঙ্গে শিবরাজ জানান, কেন্দ্রের ডিজিটাল কৃষি উদ্যোগের আওতায় ইতিমধ্যেই ১১ কোটিরও বেশি কৃষককে ফার্মার আইডি দেওয়া হয়েছে। তাঁর দাবি, এই ডিজিটাল পরিচয়পত্র চালু হলে কৃষকদের সরকারি দফতরে বারবার নথিপত্র নিয়ে যাওয়ার প্রয়োজন কমবে। ফার্মার আইডির মাধ্যমেই ব্যাঙ্কঋণ, ফসল বিমা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়া সহজ হবে।