Advertisement

Bilkis Bano: বিলকিস বানোর ২ ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, জামিনও মঞ্জুর সুপ্রিম কোর্টে

বিলকিস বানোর ২ ধর্ষককে জামিন দিয়ে দিল দেশের শীর্ষ আদালত। ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ মামলায় ২ দোষী, বিপিনচন্দ্র কানাইলাল যোশী এবং প্দীপ রমনলাল মোধিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল। সেই সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 2:23 PM IST
  • বিলকিস বানোর ২ ধর্ষককে জামিন
  • যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত
  • সাড়া ফেলে দেওয়া রায় সুপ্রিম কোর্টের

বিলকিস বানোর ২ ধর্ষককে জামিন দিয়ে দিল দেশের শীর্ষ আদালত। ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ মামলায় ২ দোষী, বিপিনচন্দ্র কানাইলাল যোশী এবং প্দীপ রমনলাল মোধিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল। সেই সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট। ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবাসে থাকার বিষয়টি বিবেচনা করে তাদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ গত ২৮ অক্টোবর এই নির্দেশ দেয়।

দোষীদের মুক্তির ক্ষেত্রে কী কী শর্ত মানতে হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট ট্রায়াল কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে এ-ও উল্লেখ করা হয়েছে, ওই ২ দোষীই ১৭ বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার। পাশাপাশি, বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, ২ দোষীর মধ্যে একজনের নাম FIR-এ ছিলও না। ঘটনার প্রায় ৩ বছর পর তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল।

২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের ৭ সদস্যকে খুনের ঘটনায় মোট ১১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বম্বে হাইকোর্ট ২০১৭ সালে তাদের দোষী সাব্যস্ত করার রায় এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এই দুই দোষী।

আবেদনকারীদের আইনজীবীরা আদালতে জানান, ঘটনার প্রায় ৩ বছর পর তাদের গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তারপর থেকে ১৭ বছরেরও বেশি সময় তারা কারাগারে কাটিয়েছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তাদের আপিলের ক্ষেত্রে এখনও কিছু তথ্যগত ও আইনি বিষয় নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। সেই কারণেই ট্রায়াল কোর্টের নির্ধারিত শর্তে তাঁদের জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, ২০২২ সালের অগাস্টে গুজরাত সরকার এই মামলায় দোষী সাব্যস্ত ১১ জনেরই সাজা মকুব করে আগাম মুক্তির অনুমতি দিয়েছিল। তবে ২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের সেই সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করে দেয়। পাশাপাশি, মুক্তি পাওয়া ১১ জন দোষীকে ফের কারাগারে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement