Advertisement

Bisleri: 'আমাদের জল নিরাপদ,' বিবৃতি দিয়ে জানাল বিসলেরি, FSSAI কোনও নোটিস পাঠায়নি বলেও দাবি

বোতলজাত পানীয় জলের জনপ্রিয় ব্র্যান্ড বিসলেরির জল কি পান করার জন্য নিরাপদ? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সংস্থার দাবি তারা FSSAI-এর পক্ষ থেকে কোনও নোটিস পায়নি। তাদের জল সম্পূর্ণ নিরাপদ বলেও জানিয়েছে বিসলেরি।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 4:35 PM IST
  • বিসলেরির জল কি পান করার জন্য নিরাপদ?
  • সংস্থার দাবি তারা FSSAI-এর পক্ষ থেকে কোনও নোটিস পায়নি
  • জল সম্পূর্ণ নিরাপদ বলেও জানিয়েছে বিসলারি

বোতলজাত পানীয় জলের জনপ্রিয় ব্র্যান্ড বিসলেরির জল কি পান করার জন্য নিরাপদ? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিসলেরির একটি বোতলজাত পানীয় জলের নমুনা পরীক্ষায় ফেল করার পর সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। অভিযোগ, বিসলেরির জলের একটি ব্যাচে ব্রোমেট নামে রাসায়নিক যৌগের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গিয়েছে। এই রাসায়নিক মানবদেহে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

তবে FSSAI-এর পরীক্ষার ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছে বিসলেরি। সংস্থার দাবি, পরবর্তী সময়ে FSSAI অনুমোদিত পরীক্ষাগারে স্বাধীনভাবে নমুনা পরীক্ষা করানো হলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়। বিবৃতিতে বিসলেরি জানিয়েছে, এই ঘটনাটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গোয়ার উৎপাদন কেন্দ্রে তৈরি একটি নির্দিষ্ট ব্যাচের সঙ্গে সম্পর্কিত। সংস্থার দাবি, পরবর্তী পরীক্ষায় জলের নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল।

বিসলেরি আরও জানিয়েছে, তারা FSSAI-এর সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করবে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা
বিসলেরির দাবি অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর FSSAI তাদের গোয়ার উৎপাদন কেন্দ্র থেকে মোট ৬টি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, ৫টি নমুনা সমস্ত নির্ধারিত মান পূরণ করেছে। তবে ষষ্ঠ নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়। অথচ নির্ধারিত সর্বোচ্চ সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম।

এই পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে ২০২৫ সালের ২২ নভেম্বর আপিল করে বিসলেরি। এরপর পুনরায় পরীক্ষার জন্য নমুনাটি একটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠায় FSSAI।

সংস্থার বক্তব্য, রেফারেল ল্যাবরেটরির পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া গেলেও আলাদাভাবে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs)-এর উপস্থিতির বিষয়টি চিহ্নিত করা হয়।

বিসলেরির দাবি, পরীক্ষার ফলাফলে এই পার্থক্য থাকায় বিষয় আরও স্পষ্ট হওয়া দরকার ছিল। এরপর একই নমুনা FSSAI অনুমোদিত একটি স্বাধীন পরীক্ষাগারে পরীক্ষা করায় সংস্থা। সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায় বলে দাবি বিসলেরির।

Advertisement

FSSAI-এর কাছ থেকে আর কোনও বার্তা পায়নি সংস্থা, দাবি বিসলেরির
বিসলেরি জানিয়েছে, স্বাধীন পরীক্ষাগারের রিপোর্ট এ বছর ২ ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে FSSAI-এর পশ্চিমাঞ্চলীয় দফতরে জমা দেওয়া হয়েছিল। কিন্তু রিপোর্ট জমা দেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার তরফে আর কোনও যোগাযোগ করা হয়নি। সেই কারণে বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই তারা মনে করেছিল।

বিসলেরির বিবৃতিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত ইমেল বা হার্ড কপির মাধ্যমে তারা কোনও নোটিস পায়নি। এমনকী FSSAI-এর ওয়েবসাইটেও সংশ্লিষ্ট নোটিস খুঁজে পাওয়া যায়নি বলে দাবি সংস্থার।

সংস্থার আরও বক্তব্য, পানীয় জলের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। উৎপাদন প্রক্রিয়ার ১০টি ধাপে ৯০টিরও বেশি পরীক্ষা করে জলের গুণমান নিশ্চিত করা হয়। দীর্ঘদিনের বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে বিসলেরির জল পান করার জন্য নিরাপদ বলেও দাবি করেছে সংস্থা।

বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমোদন FSSAI-এর
এই বিতর্কের সূত্রপাত FSSAI-এর তরফে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়ার পর। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য, পরীক্ষাগারে পরীক্ষা করার পর বোতলজাত পানীয় জলের একটি নমুনাকে অনিরাপদ বলে ঘোষণা করা হয়েছিল। এটি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬-এর অধীনে নির্ধারিত নিয়মের লঙ্ঘন।

FSSAI জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় নমুনাটিতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সংস্থার আবেদনের পর নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানেও PAHs-এর উপস্থিতি শনাক্ত হওয়ার পর নমুনাটিকে অনিরাপদ বলে ঘোষণা করা হয়।

একদিকে পরীক্ষিত জলের নমুনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, অন্যদিকে পরীক্ষার পদ্ধতি ও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে বিসলেরি। স্বাধীন পরীক্ষাগারের রিপোর্টও FSSAI-কে জমা দিয়েছে বলে জানিয়েছে সংস্থা। গোটা বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে বিসলেরি।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement