Advertisement

Boat Accident: নেমন্তন্ন খেয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, গঙ্গায় নৌকা উল্টে মৃত শিশুসহ ১৪

Boat capsizes in Ganga: বিহারের হাজিপুরে মর্মান্তিক ঘটনা। ভোজ খেয়ে ফেরার পথে নৌকা উল্টে মৃত্যু হল কমপক্ষে ১৪ জনের। মৃতদের অধিকাংশই শিশু ও মহিলা।

গঙ্গায় নৌকা উল্টে মৃত শিশুসহ ১৪গঙ্গায় নৌকা উল্টে মৃত শিশুসহ ১৪
Aajtak Bangla
  • পাটনা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 8:07 AM IST
  • নেমন্তন্ন বাড়ি থেকে ভোজ খেয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা।
  • গঙ্গায় ভেসেল উল্টে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ১৪ জনের।
  • বিহারের হাজিপুরে গঙ্গায় এই ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে।

নেমন্তন্ন বাড়ি থেকে ভোজ খেয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গায় ভেসেল উল্টে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ১৪ জনের। মঙ্গলবার রাতে  বিহারের হাজিপুরে গঙ্গায় এই ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বোটে ২৩ জনেরও বেশি যাত্রী ছিলেন।  রাঘোপুরের রামপুর শ্যামচাঁদ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। । দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও, ৩ জন নিরাপদ রয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু। বিহার সরকার নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভোজ খেয়ে ফিরে আসছিলেন দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিরা। আচমকা নদীর জলে ঢেউ বেড়ে ওঠায়, নৌকা সামাল দিতে পারেননি মাঝিরা। মাঝ নদীতেই উল্টে যায় নৌকাটি।  ঘটনাটির খবর পেয়ে এলাকায় শুরু হয় চাঞ্চল্য। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়। রাত থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। বুধবার সকালেও সেই অভিযান চলছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।  দেহ শনাক্ত করে পরবর্তী পর্যায়ের কাজ করা হবে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ওই এলাকার ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকা থেকে সকলকে উদ্ধার করতে এলাকায় রীতিমতো ভিড় জমে যায়।

ইতিমধ্যেই এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের মতো নেতারা। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

Read more!
Advertisement
Advertisement