
ফের বোমা বিস্ফোরণের হুমকিতে চাঞ্চল্য বাণিজ্যনগরী মুম্বইয়ে। ইমেলের মাধ্যমে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। নিশানায় রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলো, মুম্বইয়ের মেয়রের দফতর, শহরের একাধিক ব্যাঙ্ক এবং আদালত। এমনকী ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মহালক্ষ্মী রেসকোর্সের নামও রয়েছে হুমকির ইমেলে। এই খবর সামনে আসতেই মুম্বইয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে বৃহন্মুম্বই পুরনিগমের (BMC) সদর দফতরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
তল্লাশিতে পুলিশ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড
হুমকির খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ডগ স্কোয়াডের দল। মেয়রের দফতর এবং BMC সদর দফতরের প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হয়। ইমেলে উল্লেখ করা অন্যান্য স্থানগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়। পাশাপাশি শুরু হয় জোরদার তল্লাশি অভিযান।
ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে এই তল্লাশি। পুলিশ ও নিরাপত্তা সংস্থার আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, চিহ্নিত সমস্ত জায়গায় তল্লাশি সম্পন্ন হয়েছে। তবে কোথাও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক সামগ্রী পাওয়া যায়নি। ফলে আপাতত স্বস্তিতে নিরাপত্তা সংস্থাগুলি।
ইমেলে খালিস্তানপন্থী বার্তা, তদন্তে সাইবার সেল
এই হুমকির ইমেলে খালিস্তানপন্থী কিছু প্রসঙ্গ এবং উস্কানিমূলক বার্তাও লেখা রয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সতর্ক রয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কোনও দুষ্কৃতী এই ইমেল পাঠিয়ে থাকতে পারে। তবে এর পিছনে অন্য কোনও পরিকল্পনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই মুম্বই পুলিশ এবং সাইবার সেলের দল ঘটনার তদন্ত শুরু করেছে। মামলা দায়ের করে ইমেলের উৎস, প্রেরকের পরিচয় এবং হুমকির নেপথ্যের উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, অমিতাভ বচ্চনের বাংলো থেকে শুরু করে বিমানবন্দর, আদালত এবং একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম থাকায় বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। তল্লাশিতে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক না মিললেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হচ্ছে।