
মাত্র বিশ বছর আগেও ভারত যুদ্ধাস্ত্রের বিষয়ে চাহিদা মেটাতে অন্যান্য দেশ থেকে অস্ত্র কিনত। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে বদল এসেছে। ২০২৬ সালে দাঁড়িয়ে ভারত অনেক দেশকেই অস্ত্র বিক্রি করে। সবচেয়ে ভালো বিষয় হল, ভারতীয় অস্ত্রের চাহিদা ক্রমাগত বাড়ছে। এবার জেনে যাওয়া যাক, কোন অস্ত্রগুলি ভারতের থেকে কেনার জন্য অপেক্ষা করছে বিশ্বের কোন কোন দেশ?
ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল
প্রতিরক্ষা খাতে ভারতের সবচেয়ে বড় সাফল্য হল ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। এটিকে বিশ্বের অন্যতম দ্রুতগামী মিসাইল হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে ফিলিপিন্স ভারতের থেকে প্রায় ৩৭৫ মিলিয়ন ডলারে ব্রহ্মোস মিসাইল কিনেছিল। ২০২৫ সালে ইন্দোনেশিয়া প্রায় ৪৪০ মিলিয়ন ডলারের একটি চুক্তির মাধ্যমে এই মিসাইলটি কেনে। এখন ভিয়েতনামও প্রায় ৭০০ মিলিয়ন ডলারে ব্রহ্মোস কেনার প্রস্তুতি নিচ্ছে।
আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম
ভারতের 'আকাশ' এয়ার ডিফেন্স সিস্টেমটি অনেক দেশের পছন্দের অস্ত্র। এটি শত্রু যুদ্ধবিমান, ড্রোন ও মিসাইলের আক্রমণ প্রতিহত করতে সিদ্ধহস্ত। আর্মেনিয়া প্রায় ৭২০ মিলিয়ন ডলারে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। যার ফলে দেশটি ভারত থেকে অন্যতম বৃহত্তম অস্ত্র ক্রেতা হয়ে উঠেছে। ব্রাজিলও আকাশের একটি নতুন ও অ্যাডভান্স মডেল যৌথভাবে তৈরি এবং মোতায়েন করার জন্য ভারতের সঙ্গে আলোচনা করছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ এই ডিফেন্স সিস্টেম কিনতে আগ্রহী।
ভারতীয় রকেট ও কামান
ভারতের পিনাকা রকেট ব্যবস্থা এখন অন্যান্য দেশেও পৌঁছে গেছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর্মেনিয়ায় পিনাকা রকেটের প্রথম চালানটি পাঠান।
এছাড়াও, আর্মেনিয়া প্রায় ১৫৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে ভারতের সঙ্গে। ভারতের কাছ থেকে ৯০টিরও বেশি এটিএজি (অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম) ক্রয় করেছে আর্মেনিয়া।
তেজস যুদ্ধবিমান
HAL-এর তেজস যুদ্ধবিমানের উপর বিশ্বের অনেক দেশেরই নজর রয়েছে। বেশ কয়েকটি দেশ তেজাস এমকে-১এ এবং এমকে-২ মডেল কেনার আগ্রহ দেখিয়েছে।