
সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এবার থেকে অফিসের কাজের জন্য ব্যবহৃত ল্যাপটপ চার বছর পর বিনামূল্যে নিজের কাছে রাখতে পারবেন। তবে সব কর্মী এই সুবিধা পাবেন না। যোগ্য কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা এই অফার পাবেন। শুধু ল্যাপটপ নয়, ট্যাবলেটও রাখা যাবে। এমনকী অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও রাখা যাবে নিজের কাছে। সম্প্রতি এই নিয়মে পরিবর্তন এনেছে অর্থ মন্ত্রক।
সংবাদ সংস্থা ANI-র প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মে ডিভাইস কেনাকাটার সীমা বেড়েছে। সরকারি দফতরগুলি আরও দামি ডিভাইস কিনতে পারবে। সর্বোচ্চ ১.৮ লক্ষ টাকার ডিভাইস কেনা যাবে। তবে এর সঙ্গে জিএসটি যুক্ত হবে। এই দামের মধ্যে MacBook-ও কেনা সম্ভব। Apple-এর MacBook Air পাওয়া যেতে পারে। MacBook Pro-ও কেনা যেতে পারে।
তবে রয়েছে বিশেষ শর্ত। ডিভাইসে ৪০ শতাংশের বেশি MII থাকতে হবে। অর্থাৎ, মেক ইন ইন্ডিয়া উপাদান থাকতে হবে। এই শর্ত পূরণ না হলে লিমিট কমবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা খরচ করা যাবে। এর সঙ্গে জিএসটি অতিরিক্ত দিতে হবে। দুই ক্ষেত্রেই সফটওয়্যারের খরচ অন্তর্ভুক্ত থাকবে।
গত ১০ নভেম্বর নতুন নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকা জারি করেছে ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার। এর ফলে পুরনো নিয়ম বাতিল হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে পুরনো নিয়ম চালু হয়েছিল। তখন কেনাকাটার সীমা ছিল কম। সর্বোচ্চ সীমা ছিল ১ লক্ষ টাকা। অন্য ক্ষেত্রে ছিল ১.৩ লক্ষ টাকা।
আর সবথেকে বড় কথা, নতুন নিয়মে একাধিক ডিভাইস কেনা যাবে। সেই তালিকায় ল্যাপটপ ও ট্যাবলেট রয়েছে। নোটপ্যাড এবং আলট্রাবুকও কেনা যাবে। কেনা যাবে নোটবুক ও অন্যান্য ডিভাইস। সবই ব্যবহৃত হবে সরকারি কাজে। তবে নতুন লিস্টে মোবাইল ফোন নেই।
কোন সরকারি কর্মীরা পাবেন এই সুবিধা?
আগেই বলেছি, সব সরকারি কর্মী এই সুবিধা পাবেন না। পে লেভেল ১২-এর আধিকারিকরা যোগ্য বলে বিবেচিত হবেন। তার উপরের স্তরের আধিকারিকরাও পাবেন এই সুবিধা। এই স্তরের সব অনুমোদিত পদ এর আওতায়।
পে লেভেল ৮ থেকে ১১-এর কর্মীদের ক্ষেত্রে নিয়ম আলাদা। প্রথমে ৫০ শতাংশ পদের জন্য বরাদ্দ থাকবে। প্রয়োজনে এই সীমা বাড়ানো যেতে পারে। সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। তবে সচিবের অনুমোদন প্রয়োজন হবে। আর্থিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে হবে।
চার বছর পর কীভাবে নিজের কাছে রাখবেন?
চার বছর অফিসের কাজে ব্যবহারের পর ডিভাইসটি নিজের কাছে রাখা যাবে। তবে তার আগে একটি শর্ত পূরণ করতে হবে। সমস্ত সরকারি তথ্য মুছে ফেলতে হবে। তারপরই ডিভাইসটি নিজের কাছে রাখা যাবে।
চার বছরের আগেই কেউ অবসর নিলে কী হবে? চাকরি ছাড়লেও একই নিয়ম প্রযোজ্য হবে। সেক্ষেত্রেও ডিভাইস রাখা সম্ভব। তবে নির্দিষ্ট মূল্য জমা দিতে হবে।
আর একটা কথা, চার বছরের মধ্যে নতুন ডিভাইস দেওয়া হবে না। তবে পুরনো ডিভাইস মেরামতের অযোগ্য হলে ছাড় মিলবে।
কোথায় কার্যকর হবে নতুন নিয়ম?
কেন্দ্রীয় সরকারের মন্ত্রকগুলিতে এই নিয়ম কার্যকর হবে। সমস্ত কেন্দ্রীয় দফতরও এর আওতায় আসবে। অধীনস্থ অফিসগুলি ও সংযুক্ত অফিসগুলিও এই সুবিধার আওতায় থাকবে।
তবে রাজ্য সরকার এর আওতায় নেই। রাষ্ট্রায়ত্ত সংস্থাতেও নিয়ম কার্যকর হবে না। স্বশাসিত সংস্থাগুলিও এর বাইরে থাকবে। এমনকী কনসালটেন্টরাও এই সুবিধা পাবেন না।