Advertisement

কৃষ্ণসাগরে বাড়ছে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের জন্য সতর্কতা জারি কেন্দ্রের

বিশেষভাবে ২০২৬ সালের ২৩ জুলাই বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক জারি করা সর্বশেষ নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কতা জারি কেন্দ্রের সতর্কতা জারি কেন্দ্রের
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Jul 2026,
  • अपडेटेड 3:09 PM IST
  • চাকরির শর্তাবলি আন্তর্জাতিক সামুদ্রিক মানদণ্ড অনুযায়ী কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে
  • সরকার নাবিকদের তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং নিজের যাত্রাপথ সম্পর্কে পরিবারকে অবহিত রাখারও পরামর্শ দিয়েছে

কৃষ্ণসাগর এবং সংলগ্ন সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাগরিকদের জন্য নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করল ভারত সরকার। এই অঞ্চলে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে সতর্ক করেছে কেন্দ্র।

সরকারি অ্যাডভাইজরিতে বলা হয়েছে, এই সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ একাধিক গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হচ্ছে। বিশেষ করে, ২০২৬ সালের এপ্রিল থেকে এই জলসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যাতে ইতিমধ্যেই ৫ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

যে সমস্ত ভারতীয় নাগরিক সংঘাতপূর্ণ এলাকায় চলাচলকারী বা সেই পথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে কাজ করতে চান, তাঁদের কাজ গ্রহণের আগে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভালোভাবে মূল্যায়ন করার পরামর্শ দিয়েছে সরকার। পাশাপাশি, যাঁরা এই ধরনের কাজ করবেন, তাঁদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাডভাইজরিতে নাবিকদের পরামর্শ দেওয়া হয়েছে, চাকরি দেওয়া সংস্থা, নিয়োগকারী এজেন্সি এবং জাহাজ পরিচালনাকারীদের কাছ থেকে জাহাজের নির্ধারিত রুট, কোথায় কোথায় নোঙর করবে, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, বিমার আওতা এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে— সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে।

এছাড়া, চাকরির শর্তাবলি আন্তর্জাতিক সামুদ্রিক মানদণ্ড অনুযায়ী কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা, নিরাপদে সরিয়ে আনা (ইভাকুয়েশন), দেশে ফেরানো এবং ক্ষতিপূরণের যথাযথ ব্যবস্থা রয়েছে কি না, সেটিও যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার নাবিকদের তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং নিজের যাত্রাপথ সম্পর্কে পরিবারকে অবহিত রাখারও পরামর্শ দিয়েছে। পাশাপাশি, ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জাহাজ পরিচালনাকারী সংস্থা ও সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষের জারি করা সমস্ত নির্দেশিকা নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।

বিশেষভাবে ২০২৬ সালের ২৩ জুলাই বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক জারি করা সর্বশেষ নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

এই অঞ্চলে কোনও ধরনের কনস্যুলার সহায়তার প্রয়োজন হলে ভারতীয় নাগরিকদের রাশিয়া ও ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। রাশিয়ায় ভারতীয় দূতাবাসের জরুরি নম্বর +7 9652773414 এবং ইউক্রেনে ভারতীয় দূতাবাসের যোগাযোগ নম্বর +38 0933559958।

Read more!
Advertisement
Advertisement