
One Officer One Car Rule: একজন আমলা। সঙ্গে ৩-৪টি গাড়ি। কনভয়ের দাপট। সরকারের বড়কর্তাদের যাতায়াতের এই সিন সকলেই দেখেছেন। তবে সেই ছবি এবার বদলানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সরকারি গাড়ির অপব্যবহার বন্ধ করতে এবং খরচে কাটছাঁট করতে চালু হলো 'এক অফিসার, এক সরকারি গাড়ি' (One Officer, One Official Car) নীতি। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও উচ্চপদস্থ আধিকারিক যদি অতিরিক্ত অন্য কোনও মন্ত্রক, দফতর, সরকারি সংস্থা (PSU) বা স্বায়ত্তশাসিত সংস্থার দায়িত্বে থাকেন, তাহলেও তিনি একাধিক সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না।
জনগণের করের টাকার অপচয় বন্ধ করা, কাজের নামে বাড়তি সুবিধা নেওয়া আটকানো এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনাই কেন্দ্রের এই নতুন নিয়মের মূল লক্ষ্য।
অর্থ মন্ত্রকের কড়া নির্দেশিকা
সম্প্রতি অর্থ মন্ত্রকের অধীনস্থ ব্যয় সংক্রান্ত বিভাগ (Department of Expenditure) একটি বিশেষ স্মারকলিপি (Office Memorandum) জারি করে। তাতে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরকে এই নিয়ম অবিলম্বে ও কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সরকারি গাড়ির ব্যবহার নিয়ে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল। সেই নিয়মগুলিকেই এবার আরও কড়া ও স্পষ্ট করা হল।
নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্ত আধিকারিক আগে থেকেই একটি সরকারি গাড়ি পাওয়ার অধিকারী, তিনি অন্য কোনো দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেলেও দ্বিতীয় কোনো গাড়ি চাইতে পারবেন না। তিনি যে একটি গাড়ি ব্যবহার করছিলেন, কাজের প্রয়োজনেও তাঁকেই সেই একটি গাড়িই ব্যবহার চালিয়ে যেতে হবে।
সরকারি সংস্থার গাড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা
অর্থ মন্ত্রকের নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা অফিশিয়াল কাজ বা অনুমোদিত ভ্রমণ ছাড়া সরকারি সংস্থা (PSU), স্বায়ত্তশাসিত সংস্থা বা আধা-সরকারি প্রতিষ্ঠানের কোনও যানবাহন নিজেদের ব্যক্তিগত বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন না।
সবকটি মন্ত্রককে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, যে সমস্ত গাড়ি বাড়তি রয়েছে বা বর্তমানে ব্যবহার হচ্ছে না, সেগুলিকে কারও ব্যক্তিগত কাজে ব্যবহার করতে না দিয়ে নিরাপদ হেফাজতে রাখতে হবে।
কেন্দ্রীয় সরকারের আশা, এই নতুন সিদ্ধান্তের ফলে সরকারি গাড়ি ব্যবহারের নামে যে বিশাল টাকা খরচ হতো, তা একধাক্কায় অনেকটাই কমে যাবে।