Advertisement

কেন্দ্রীয় প্রকল্পের অর্থ কোথায়-কীভাবে খরচ করেছিল মমতা-সরকার? খতিয়ে দেখবে কেন্দ্র

অর্থ মন্ত্রক ওই রিপোর্টগুলির উপর সরাসরি নজরদারি করতে পারে বলেও খবর। কোথাও কোনও ঘাটতি বা অনিয়ম ধরা পড়লে তা নিয়ে পরবর্তী পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Nirmala Sitaraman,Mamata BanerjeeNirmala Sitaraman,Mamata Banerjee
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 5:01 PM IST
  • সূত্রের দাবি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও সংশ্লিষ্ট ব্যাঙ্ককে এ বিষয়ে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হতে পারে
  • এই মূল্যায়নের ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন এবং বকেয়া বিল মেটানো নিয়ে নজরদারি আরও জোরদার করতে চলেছে মোদী সরকার। সরকারি সূত্রের খবর, রাজ্যে পূর্ববর্তী সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা আদৌ সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় নির্মলা সীতারামণের মন্ত্রক। 

সূত্রের দাবি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও সংশ্লিষ্ট ব্যাঙ্ককে এ বিষয়ে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হতে পারে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প কতটা মানুষের কাছে পৌঁছেছে, প্রকল্পগুলির সুবিধাভোগীদের সংখ্যা লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়েছে কি না এবং প্রকল্পগুলি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে কি না, তা যাচাই করবে ব্যাঙ্কগুলি। এই মূল্যায়নের ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে।

অর্থ মন্ত্রক ওই রিপোর্টগুলির উপর সরাসরি নজরদারি করতে পারে বলেও খবর। কোথাও কোনও ঘাটতি বা অনিয়ম ধরা পড়লে তা নিয়ে পরবর্তী পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় প্রকল্পগুলির কার্যকারিতা এবং বাস্তবায়নের হার সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন বকেয়া বিল মেটানোর বিষয়েও উদ্যোগী হয়েছে কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, রাজ্যের সমস্ত মুলতুবি বিল পর্যায়ক্রমে নিষ্পত্তি করার প্রক্রিয়া শুরু হতে পারে। এর ফলে বিভিন্ন প্রকল্প, পরিষেবা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ করেছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।  মমতা সরকারের বিরুদ্ধে এই ইস্যুতে সব থেকে বেশি সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দাবি করেছিলেন, কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সেই জন্য একাধিক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। 

যদিও শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে। ফলে সাধারণ মানুষ ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ও স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা পাবেন। রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার নতুন রেলওয়ে প্রকল্পের জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। আটকে থাকা প্রায় ৬১টি রেলওয়ে প্রকল্পের জন্য দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সড়ক এবং জলপথের উন্নয়নের ক্ষেত্রেও একাধিক ঘোষণা করা হয়েছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement